
প্রয়াগরাজ, ৬ আগস্ট (হি.স.) : উত্তর প্রদেশের প্রয়াগরাজ জেলার মেজা থানা এলাকায় বৃহস্পতিবার একটি ধানক্ষেত থেকে এক কৃষকের দেহ উদ্ধার হয়েছে। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
বৃহস্পতিবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম প্রেমচন্দ যাদব (৫০)। তিনি মেজা এলাকার বৈরহনা গ্রামের বাসিন্দা। ধানক্ষেতে তাঁর দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
যমুনানগরের পুলিশ উপকমিশনার বিবেক চন্দ্র যাদব জানান, মৃতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, কোনও ভারী বস্তু দিয়ে মাথায় আঘাত করেই তাঁকে খুন করা হয়ে থাকতে পারে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ। মৃতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে মামলা রুজু করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস