
কলকাতা, ৬ আগস্ট (হি. স.) : মার্লিন সিএসজেসি মিডিয়া ফুটবলের প্রথম দিনেই জমে উঠল লড়াই। রাজারহাটে মার্লিন রাইজের জোড়া টার্ফে সকাল থেকেই দেখা গেল অন্য এক আবহ। সারা বছর মাঠে-ময়দানে ছুটে বেড়ানো কিংবা ডেস্কে বসে খবরের পাতা সাজানো সাংবাদিকরা এ দিন ফুটবলার। সবুজ ঘাসে বল পায়ে তাঁদের লড়াই ছিল চোখে পড়ার মতো। ১৭টি দলের অংশগ্রহণে প্রথম দিনের খেলায় প্রিন্ট ও ইলেকট্রনিক— দুই বিভাগের একাধিক দল জায়গা করে নিল শেষ চারে।
প্রথম দিনের খেলায় উপস্থিত থেকে অংশগ্রহণকারী সাংবাদিকদের উৎসাহ দেন প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস ও সন্দীপ নন্দী। মার্লিন গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সাকেত মেহতা জানান, বিশ্বমানের টার্ফে সাংবাদিকদের এমন প্রাণবন্ত ফুটবল তাঁদের আনন্দ দিয়েছে। ক্রীড়া সাংবাদিক ক্লাবের সঙ্গে এই সম্পর্ক ভবিষ্যতে আরও দৃঢ় হবে বলেও আশাবাদী তিনি। সিএসজেসি-র সভাপতি অর্চিমান ভাদুড়ির কথায়, মার্লিনের সহযোগিতায় এই প্রতিযোগিতা নতুন মাত্রা পেয়েছে, আর মাঠে বাড়ছে সাংবাদিকদের পারস্পরিক বন্ধুত্ব। সব মিলিয়ে প্রথম দিনেই সফলতার ছাপ রেখে গেল ‘মার্লিন-সিএসজেসি মিডিয়া ফুটবল’। শুক্রবার ফাইনাল ডে-তে অপেক্ষা আরও জমজমাট লড়াইয়ের।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত