ভারী বৃষ্টিতে গঙ্গার জলস্তর বাড়ছে, ঋষিকেশ-হরিদ্বারে সতর্কতা জারি
হরিদ্বার/ঋষিকেশ, ৬ আগস্ট (হি. স.): পাহাড়ি এলাকায় টানা ভারী বৃষ্টির জেরে উত্তরাখণ্ডে গঙ্গার জলস্তর দ্রুত বাড়ছে। ঋষিকেশে গঙ্গা সতর্কতা স্তরের উপরে প্রবাহিত হওয়ায় পরমার্থ নিকেতন ও ত্রিবেণী ঘাট-এর গঙ্গা আরতির মঞ্চ জলের তলায় চলে গেছে। পরমার্থ নিকে
ভারী বৃষ্টিতে গঙ্গার জলস্তর বাড়ছে, ঋষিকেশ-হরিদ্বারে সতর্কতা জারি


হরিদ্বার/ঋষিকেশ, ৬ আগস্ট (হি. স.): পাহাড়ি এলাকায় টানা ভারী বৃষ্টির জেরে উত্তরাখণ্ডে গঙ্গার জলস্তর দ্রুত বাড়ছে। ঋষিকেশে গঙ্গা সতর্কতা স্তরের উপরে প্রবাহিত হওয়ায় পরমার্থ নিকেতন ও ত্রিবেণী ঘাট-এর গঙ্গা আরতির মঞ্চ জলের তলায় চলে গেছে। পরমার্থ নিকেতনের ঘাটে থাকা শিবমূর্তির পাদদেশ পর্যন্ত জল পৌঁছে গিয়েছে। পরিস্থিতির জেরে সংবেদনশীল ঘাটগুলিতে এসডিআরএফ, বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং জল পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রশাসন বাসিন্দা ও পুণ্যার্থীদের গঙ্গার ধারে না যাওয়ার আবেদন জানিয়েছে।

এদিকে হরিদ্বারেও টানা বৃষ্টিতে জনজীবন ব্যাহত হয়েছে। শহরের একাধিক এলাকায় জল জমেছে। ভীমগোড়া ব্যারাজে গঙ্গার জলস্তর বেড়ে ২৯২.৭৫ মিটার হয়েছে, যা সতর্কতা স্তর ২৯৩ মিটার-এর মাত্র ২৫ সেন্টিমিটার নীচে। যদিও প্রশাসনের দাবি, পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে রয়েছে এবং সংশ্লিষ্ট সব দফতরকে সতর্ক রাখা হয়েছে।

প্রবল বৃষ্টির মধ্যেও কাঁওয়ার যাত্রা অব্যাহত রয়েছে। হাজার হাজার শিবভক্ত 'হর হর মহাদেব' ও 'বোল বম' ধ্বনি দিতে দিতে গন্তব্যের উদ্দেশে এগিয়ে চলেছেন। তবে ভগত সিং চক, রানিপুর মোড়, কনখল, লাটওয়ালি-সহ একাধিক এলাকায় জল জমে যান চলাচলে বিঘ্ন ঘটেছে। পুরসভার কর্মীরা পাম্পের সাহায্যে জল নিষ্কাশনের কাজ চালিয়ে যাচ্ছেন।

বৃহস্পতিবার পুর কমিশনার নন্দন কুমার জানান, জল জমা এলাকাগুলিতে কর্মীদের মোতায়েন করা হয়েছে। অপরদিকে, উজানে ভারী বৃষ্টির কারণে গঙ্গায় অতিরিক্ত জল ছাড়া হচ্ছে। ফলে ভীমগোড়া ব্যারাজে জলস্তর ক্রমাগত বাড়ছে। উত্তরপ্রদেশ সেচ দফতর ও জেলা প্রশাসন পরিস্থিতির উপর নজর রাখছে।

জেলাশাসক ময়ূর দীক্ষিত সংশ্লিষ্ট আধিকারিকদের নদীর জলস্তর নিয়মিত পর্যবেক্ষণ, নিচু এলাকায় বিশেষ সতর্কতা এবং যে কোনও জরুরি পরিস্থিতি মোকাবিলায় বিপর্যয় মোকাবিলা, সেচ দফতর ও পুলিশকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি, গঙ্গার ধারে অপ্রয়োজনীয়ভাবে না যাওয়ার জন্য সাধারণ মানুষের কাছে আবেদন জানানো হয়েছে। কাঁওয়ার মেলাকে ঘিরে হাইওয়ে, কাঁওয়ার পথ এবং গঙ্গার ঘাটগুলিতেও পুলিশ ও প্রশাসনের নজরদারি জোরদার করা হয়েছে, যাতে পুণ্যার্থীদের নিরাপত্তা ও যান চলাচল স্বাভাবিক থাকে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande