
মালদা, ৬ আগস্ট (হি.স.): মালদার কালিয়াচক এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রান্না করার সময় আচমকা বিস্ফোরণে একই পরিবারের তিন শিশু সহ মোট পাঁচজন গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি ঘটে বুধবার রাতে কালিয়াচকের সুজাপুর সংলগ্ন বালুপুর বাগানপাড়া গ্রামে। আহতদের নাম আখিরুল শেখ, তাঁর স্ত্রী আফসানা খাতুন এবং তাঁদের তিন নাবালক সন্তান বলে জানা গিয়েছে। সকলকে আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাঁচজনেরই শরীরের অধিকাংশ অংশ মারাত্মকভাবে পুড়ে গিয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সূত্রের খবর, সিলিন্ডার বিস্ফোরণ এতটাই তীব্র ছিল যে বিকট শব্দে গোটা এলাকা কেঁপে ওঠে এবং আশেপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা ছুটে এসে আহতদের প্রথমে সুজাপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁদের মালদা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। খবর পেয়ে কালিয়াচক থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। বিস্ফোরণের মূল কারণ খতিয়ে দেখা হচ্ছে।
হিন্দুস্থান সমাচার / সোনালি