গাজোলে দুই মোটরসাইকেল আরোহীর কাছ থেকে বিপুল নগদ টাকা উদ্ধার
মালদা, ৬ আগস্ট (হি. স.): গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে গাজোলের রাঙাভিটা এলাকায় অভিযান চালিয়ে দুই মোটরসাইকেল আরোহীকে আটক করেছে গাজোল থানার পুলিশ। তাঁদের কাছে থাকা দুটি ব্যাগে বিপুল পরিমাণ নগদ টাকা পাওয়া গিয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
টাকা উদ্ধার


মালদা, ৬ আগস্ট (হি. স.): গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে গাজোলের রাঙাভিটা এলাকায় অভিযান চালিয়ে দুই মোটরসাইকেল আরোহীকে আটক করেছে গাজোল থানার পুলিশ। তাঁদের কাছে থাকা দুটি ব্যাগে বিপুল পরিমাণ নগদ টাকা পাওয়া গিয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। তবে এখনও পর্যন্ত উদ্ধার হওয়া টাকার মোট পরিমাণ জানা যায়নি।

বৃহস্পতিবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুই যুবক দুটি মোটরসাইকেলে করে দুটি ব্যাগে নগদ টাকা নিয়ে মালদার দিকে যাচ্ছিলেন। সেই সময় সন্দেহ হওয়ায় তাঁদের আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে ব্যাগ দুটির ভিতর থেকে ৫০০, ২০০ এবং ১০০ টাকার একাধিক বান্ডিল উদ্ধার হয়।

ঘটনার খবর পেয়ে গাজোল থানার আইসি কৌশিক বন্দ্যোপাধ্যায়-সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছন। পরে টাকা গোনার জন্য বিশেষ মেশিন আনা হয়। সকাল থেকে উদ্ধার হওয়া টাকা গোনার কাজ চলছে বলে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, আটক দুই যুবকের মধ্যে একজনের বাড়ি বৈষ্ণবনগরের বিরগর গ্রামে এবং অপরজনের বাড়ি কালিয়াচকের সাহাবাজপুর গ্রামে। এত বিপুল পরিমাণ নগদ টাকা তাঁরা কোথা থেকে পেলেন এবং কোথায় নিয়ে যাচ্ছিলেন, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

ঘটনাকে কেন্দ্র করে রাঙাভিটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাস্থলে স্থানীয় বাসিন্দাদের ভিড়ও দেখা যায়। উদ্ধার হওয়া টাকার সঠিক পরিমাণ জানার পর তদন্তে আরও তথ্য সামনে আসবে বলে মনে করছে পুলিশ।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande