
ঝাড়গ্রাম, ৬ আগস্ট (হি. স.):ঝাড়গ্রাম জেলা পুলিশের ‘প্রত্যর্পণ’ কর্মসূচির আওতায় হারিয়ে যাওয়া ও চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দিল বেলপাহাড়ী থানার পুলিশ। বৃহস্পতিবার বেলপাহাড়ী থানা প্রাঙ্গণে প্রয়োজনীয় নথিপত্র যাচাইয়ের পর উদ্ধার হওয়া মোবাইলগুলি মালিকদের হাতে তুলে দেওয়া হয়।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বেলপাহাড়ী থানার আইসি স্বরূপ মুখার্জি এবং বেলপাহাড়ী মহকুমা পুলিশ আধিকারিক (এসডিপিও) অয়ণ সাধু। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রযুক্তিগত অনুসন্ধান এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ও চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধার করা হয়। এরপর প্রয়োজনীয় যাচাই-বাছাই সম্পন্ন করে সেগুলি প্রকৃত মালিকদের ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।
জেলা পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, ২০১৯ সাল থেকে ২০২৬ সালের আগস্ট পর্যন্ত ঝাড়গ্রাম জেলায় মোট ৪,৯৩০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া মোবাইলগুলির আনুমানিক বাজারমূল্য ৬ কোটি ২৭ লক্ষ ৬৯ হাজার টাকা।
পুলিশের এই উদ্যোগে নিজেদের হারিয়ে যাওয়া মূল্যবান সামগ্রী ফিরে পেয়ে খুশি সাধারণ মানুষ। জেলা পুলিশের দাবি, ‘প্রত্যর্পণ’ কর্মসূচির মাধ্যমে উদ্ধার হওয়া মোবাইল প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দেওয়ার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে পুলিশের প্রতি আস্থা আরও বাড়ানোর চেষ্টা করা হচ্ছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়