
সোনভদ্র, ৬ আগস্ট (হি.স.) : উত্তর প্রদেশের সোনভদ্র জেলায় পথ দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রবার্টসগঞ্জ থানা এলাকার বারাণসী-শক্তিনগর সড়কে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে সজোরে ধাক্কা লাগে তাঁর মোটরবাইকের। ঘটনাস্থলেই তিনি গুরুতর জখম হন। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম অমরজ্যোত সিং (২০)। তিনি রবার্টসগঞ্জ শহরের দীপনগর এলাকার বাসিন্দা। ব্যক্তিগত কাজে মোটরবাইক নিয়ে বারাণসীর উদ্দেশে রওনা হয়েছিলেন তিনি। দুর্ঘটনার জেরে তাঁর কোমর ও পাঁজরের হাড় ভেঙে যায়। স্থানীয়রা দ্রুত পুলিশে খবর দেন এবং অ্যাম্বুল্যান্সে করে তাঁকে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে পরিবারের সদস্যরাও জেলা হাসপাতালে পৌঁছন। তাঁরা জানান, অমরজ্যোত তাঁর বাবা-মায়ের একমাত্র ছেলে ছিলেন।
থানার ভারপ্রাপ্ত আধিকারিক রামস্বরূপ বর্মা জানান, দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস