
ঝাড়গ্রাম, ৬ আগস্ট (হি. স.):আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়লেও উত্তরবঙ্গে তুলনামূলকভাবে বৃষ্টি কম হবে বলে পূর্বাভাস।
বৃহস্পতিবার আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, দক্ষিণবঙ্গের উপর দিয়ে একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে। পাশাপাশি পশ্চিমবঙ্গ সংলগ্ন বাংলাদেশের খুলনা অঞ্চলের কাছে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এই দুই আবহাওয়াজনিত পরিস্থিতির প্রভাবে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় মাঝারি থেকে ভারী এবং কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সবচেয়ে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী দক্ষিণ ২৪ পরগনা জেলায়। এছাড়াও কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হুগলি, নদিয়া, পুরুলিয়া ও বাঁকুড়ার একাধিক এলাকায় ভারী বৃষ্টি হতে পারে।
দক্ষিণবঙ্গের বাকি জেলা এবং উত্তরবঙ্গের অধিকাংশ জেলায় তুলনামূলকভাবে কম বৃষ্টি হলেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও প্রবল বজ্রপাত ও দমকা হাওয়া হতে পারে। তাই সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর। কলকাতায় এদিন সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রির কাছাকাছি থাকতে পারে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়