সাইবার প্রতারণার শিকার মন্ত্রী অমিয় কিস্কু, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকের অভিযোগ
ঝাড়গ্রাম, ৬ জুলাই (হি. স.): সাইবার প্রতারণার শিকার হলেন রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যানপালন দফতরের প্রতিমন্ত্রী অমিয় কিস্কু। তাঁর ব্যক্তিগত মোবাইল নম্বরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক হওয়ার অভিযোগ সামনে এসেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে
সাইবার প্রতারণার শিকার মন্ত্রী অমিয় কিস্কু, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকের অভিযোগ


ঝাড়গ্রাম, ৬ জুলাই (হি. স.): সাইবার প্রতারণার শিকার হলেন রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যানপালন দফতরের প্রতিমন্ত্রী অমিয় কিস্কু। তাঁর ব্যক্তিগত মোবাইল নম্বরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক হওয়ার অভিযোগ সামনে এসেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টা নাগাদ আচমকাই অ্যাকাউন্টটির নিয়ন্ত্রণ হারান মন্ত্রী। ঘটনার পরই পুলিশের দ্বারস্থ হওয়ার পাশাপাশি সাধারণ মানুষকে সতর্ক করে একটি ভিডিও বার্তা প্রকাশ করেন তিনি।

মন্ত্রী অমিয় কিস্কু জানান, বৃহস্পতিবার সকাল পর্যন্ত তিনি স্বাভাবিকভাবেই হোয়াটসঅ্যাপ ব্যবহার করছিলেন। কিন্তু সকাল সাড়ে ১১টার পর হঠাৎই তাঁর অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ তাঁর হাতের বাইরে চলে যায়। কিছুক্ষণ পর পরিচিতদের কাছ থেকে তিনি জানতে পারেন, তাঁর নম্বর থেকেই বিভিন্ন ব্যক্তির কাছে ফোন ও বার্তা পাঠানো হচ্ছে।

এরপরই সোশ্যাল মিডিয়ায় ভিডিও বার্তা দিয়ে মন্ত্রী সকলকে সতর্ক করেন। তিনি অনুরোধ করেন, তাঁর হোয়াটসঅ্যাপ নম্বর থেকে কেউ আর্থিক সাহায্য চাইলে, ওটিপি বা কোনও ব্যক্তিগত তথ্য জানতে চাইলে যেন কেউ তাতে সাড়া না দেন। একই সঙ্গে তিনি জানান, ঘটনার বিষয়ে ইতিমধ্যেই পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে।

মন্ত্রী বলেন, এই ধরনের সাইবার প্রতারণার মুখে তিনি এই প্রথম পড়লেন। বর্তমানে তিনি রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যানপালন দফতরের প্রতিমন্ত্রীর দায়িত্বে রয়েছেন।

ঘটনাকে গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করেছে ঝাড়গ্রাম জেলা পুলিশ। পুলিশের সাইবার ক্রাইম বিভাগের এক আধিকারিক জানিয়েছেন, ঠিক কীভাবে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

সাইবার বিশেষজ্ঞদের মতে, হোয়াটসঅ্যাপের নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী হলেও অসতর্কতার সুযোগ নিয়ে প্রতারকরা বিভিন্ন কৌশলে অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নিতে পারে। অচেনা নম্বর থেকে আসা সন্দেহজনক লিঙ্কে ক্লিক করা, অজানা এপিকে ফাইল ডাউনলোড করা বা অপরিচিত ফাইল খোলার মাধ্যমে এমন প্রতারণার শিকার হওয়ার আশঙ্কা থাকে।

সাইবার ক্রাইম সূত্রে জানা গিয়েছে, এর আগেও ভুয়ো সরকারি প্রকল্প, ব্যাঙ্ক সংক্রান্ত অ্যাপ কিংবা বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে ছড়ানো ভুয়ো লিঙ্কের মাধ্যমে বহু মানুষের অ্যাকাউন্ট হাতিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে।

হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো




 

 rajesh pande