
কলকাতা, ৬ আগস্ট (হি. স.):জোকা এলাকার ১১৭ নম্বর জাতীয় সড়কের ধারে একটি ড্রেন থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। বৃহস্পতিবার সকালে স্থানীয় এক ব্যক্তি ড্রেনের মধ্যে দেহটি পড়ে থাকতে দেখেন। ঘটনাস্থলের কাছেই কর্তব্যরত ট্রাফিক পুলিশকর্মীদের বিষয়টি জানানো হলে তাঁরা ঠাকুরপুকুর থানায় খবর দেন।
খবর পেয়ে ঠাকুরপুকুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ড্রেন থেকে দেহটি উদ্ধার করে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের বয়স আনুমানিক ৩১ থেকে ৩৫ বছরের মধ্যে। তাঁর পরনে ছিল একটি গেঞ্জি ও হাফপ্যান্ট। তবে এখনও পর্যন্ত তাঁর নাম বা পরিচয় জানা যায়নি।
পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। যুবকের কীভাবে মৃত্যু হল, তিনি কীভাবে ওই ড্রেনে পড়লেন বা তাঁকে সেখানে ফেলে যাওয়া হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
ঘটনাটি ঘিরে ইতিমধ্যেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের পরিচয় জানতে আশপাশের থানাগুলিতে যোগাযোগ করার পাশাপাশি বিভিন্ন সূত্র খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে মনে করছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়