
হুগলি , ৬ আগস্ট (হি.স.): নবগ্রাম এলাকায় বেআইনি সেলুন ও গ্যারেজের বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপের বার্তা দিলেন উত্তরপাড়ার বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তী। এলাকায় নিয়মবহির্ভূতভাবে পরিচালিত ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলির বিরুদ্ধে আইন মেনে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নবগ্রাম এলাকায় বেশ কিছু সেলুন ও গ্যারেজের বৈধতা এবং অনুমোদন নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ, প্রয়োজনীয় নিয়মকানুন না মেনেই কোথাও কোথাও ব্যবসা পরিচালনা করা হচ্ছে। বিষয়টি সামনে আসার পরেই প্রশাসনিক স্তরে তা খতিয়ে দেখার উদ্যোগ নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তী জানান, সরকারি নিয়ম ও আইন না মেনে কোনও ব্যবসা পরিচালনা করা হলে তা বরদাস্ত করা হবে না। প্রয়োজনীয় অনুমোদন ও বৈধ কাগজপত্র না থাকলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে বেআইনি নির্মাণ বা প্রতিষ্ঠান ভেঙে দেওয়ারও পদক্ষেপ করা হতে পারে বলে হুঁশিয়ারি দেন তিনি। তবে বৈধভাবে ব্যবসা করা কোনও মানুষের যাতে সমস্যায় পড়তে না হয়, সে বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখার কথা জানানো হয়েছে। প্রশাসনিক তদন্ত ও নিয়ম মেনেই পরবর্তী পদক্ষেপ করা হবে বলে সূত্রের খবর। নবগ্রামে এই ঘোষণাকে ঘিরে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA