
নয়াদিল্লি, ৭ আগস্ট (হি.স.): উধমপুর-শ্রীনগর-বারামুলা রেল সংযোগ (ইউএসবিআরএল) প্রকল্প চালু হওয়ায় কাশ্মীর উপত্যকা সারা বছরের জন্য দেশের বাকি অংশের সঙ্গে রেলপথে যুক্ত হয়েছে। এর ফলে আপেল, শুকনো ফল, পশমিনা শাল ও হস্তশিল্পের মতো স্থানীয় পণ্য সহজেই জাতীয় বাজারে পৌঁছতে পারছে। একইসঙ্গে কৃষক, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এমএসএমই) এবং স্থানীয় ব্যবসাও নতুন গতি পেয়েছে বলে শুক্রবার রাজ্যসভায় জানিয়েছে কেন্দ্রীয় সরকার।
শুক্রবার রাজ্যসভায় এক লিখিত প্রশ্নের উত্তরে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, ২৭২ কিলোমিটার দীর্ঘ ইউএসবিআরএল প্রকল্প সম্পূর্ণ হওয়ায় জম্মু ও কাশ্মীরের উধমপুর, রিয়াসি, রামবান, শ্রীনগর, অনন্তনাগ, পুলওয়ামা, বুদগাম এবং বারামুলা জেলা ভারতীয় রেল নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হয়েছে। কাটরা থেকে শ্রীনগর পর্যন্ত যাত্রার সময় কমে প্রায় তিন ঘণ্টা হয়েছে, ফলে পর্যটন ও অর্থনৈতিক কর্মকাণ্ডেও গতি আসবে।
তিনি বলেন, স্বাধীনতার পর এটি দেশের অন্যতম কঠিন রেল প্রকল্প। এই প্রকল্পের আওতায় রিয়াসি জেলায় চেনাব নদীর উপর বিশ্বের সর্বোচ্চ রেলসেতু নির্মিত হয়েছে, যার উচ্চতা নদীর তলদেশ থেকে ৩৫৯ মিটার। পাশাপাশি অঞ্জি খাদ-এর উপর ভারতীয় রেলের প্রথম কেবল-স্টেড রেলসেতুও এই প্রকল্পের অংশ হিসেবে তৈরি হয়েছে। প্রকল্প বাস্তবায়নের সময় স্থানীয় মানুষের সুবিধার্থে প্রায় ২১৫ কিলোমিটার রাস্তা, একাধিক সেতু ও সুড়ঙ্গও নির্মাণ করা হয়েছে।
সরকার জানিয়েছে, জম্মু ও কাশ্মীরে রেল পরিকাঠামো সম্প্রসারণের লক্ষ্যে জম্মু-রিয়াসি-পুঞ্চের মধ্যে ১৯০ কিলোমিটার নতুন রেললাইন নির্মাণ এবং জম্মু-শ্রীমাতা বৈষ্ণোদেবী কাটরা অতিরিক্ত রেললাইনের জন্য ফাইনাল লোকেশন সার্ভে (এফএলএস) অনুমোদন করা হয়েছে। এছাড়া জালন্ধর ক্যান্ট-জম্মু তাভি তৃতীয় রেললাইনের বিস্তারিত প্রকল্প প্রতিবেদন (ডিপিআর) প্রস্তুত হয়েছে।
গতিশক্তি মাল্টি-মোডাল কার্গো টার্মিনাল (জিসিটি) নীতির আওতায় সাম্বা জেলায় একটি কার্গো টার্মিনাল চালু হয়েছে। পাশাপাশি কাঠুয়া, অনন্তনাগ ও জম্মুতে আরও তিনটি জিসিটি স্থাপনের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।
অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে বুদগাম, জম্মু তাভি, শহিদ ক্যাপ্টেন তুষার মহাজন এবং শ্রীমাতা বৈষ্ণোদেবী কাটরা—এই চারটি রেলস্টেশনের আধুনিকীকরণের কাজ চলছে। বুদগাম, জম্মু তাভি ও শহিদ ক্যাপ্টেন তুষার মহাজন স্টেশনে উন্নয়নমূলক কাজ এগোচ্ছে, আর কাটরা স্টেশনের জন্য মাস্টার প্ল্যান প্রস্তুত করা হচ্ছে।
সরকারের দাবি, জম্মু ও কাশ্মীরের সম্পূর্ণ ব্রডগেজ রেল নেটওয়ার্কের বিদ্যুতায়ন সম্পন্ন হয়েছে। নতুন রেললাইন ও মাল্টি-ট্র্যাকিং প্রকল্পগুলিও বিদ্যুতায়নের সঙ্গে নির্মাণ করা হচ্ছে। নিরাপত্তা বাড়াতে ইলেকট্রনিক ইন্টারলকিং, ট্র্যাক সার্কিটিং, ব্লক প্রুভিং অ্যাক্সেল কাউন্টারসহ আধুনিক সিগন্যাল ব্যবস্থা চালু করা হয়েছে। এছাড়া কাঠুয়া-জম্মু তাভি, জম্মু তাভি-কাটরা, কাটরা-বনিহাল এবং বনিহাল-বারামুলা মিলিয়ে প্রায় ৪০১ রুট কিলোমিটারে দেশীয় ট্রেন সুরক্ষা ব্যবস্থা ‘কবচ’ বসানোর অনুমোদন দেওয়া হয়েছে।
যাত্রী পরিষেবা বাড়াতে বর্তমানে জম্মু ও কাশ্মীরে চার জোড়া বন্দে ভারত এক্সপ্রেস চলাচল করছে। পাশাপাশি শ্রীমাতা বৈষ্ণোদেবী কাটরা-বুদগাম এক্সপ্রেস চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুর্গ, ইন্দোর-সহ বিভিন্ন স্থান থেকে চলা কয়েকটি ট্রেনের রুটও উধমপুর পর্যন্ত বাড়ানো হয়েছে।
রেলমন্ত্রী জানান, নতুন ট্রেন পরিষেবা চালু করা একটি ধারাবাহিক প্রক্রিয়া। সংশ্লিষ্ট রেলপথের সক্ষমতা, উপলব্ধ রুট, রোলিং স্টক, রক্ষণাবেক্ষণের প্রয়োজন এবং যাত্রী চাহিদার মতো বিভিন্ন পরিচালনাগত বিষয় বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়।
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য