
নয়াদিল্লি, ৭ আগস্ট (হি.স.) : তিব্বতে সীমান্তবর্তী নদীগুলির উজানে নির্মীয়মাণ বাঁধ ও অন্যান্য প্রকল্পের প্রযুক্তিগত তথ্য ভাগ করে নেওয়ার জন্য চিনের কাছে ফের আবেদন জানিয়েছে ভারত। পাশাপাশি, সীমান্তবর্তী নদী সংক্রান্ত বিশেষজ্ঞ পর্যায়ের যৌথ বৈঠক দ্রুত আয়োজনের দাবিও পুনর্ব্যক্ত করেছে নয়াদিল্লি।
শুক্রবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত ভারত-চিন সীমান্ত বিষয়ক পরামর্শ ও সমন্বয় বিষয়ক কার্যকরী প্রক্রিয়ার (ডব্লিউএমসিসি) ৩৬তম বৈঠকে ভারত এই বিষয়টি উত্থাপন করে। ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বিদেশ মন্ত্রকের পূর্ব এশিয়া বিভাগের যুগ্মসচিব সুজিত ঘোষ। চিনা প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন সে দেশের বিদেশ মন্ত্রকের সীমান্ত ও মহাসাগরীয় বিষয়ক বিভাগের মহাপরিচালক হৌ ইয়ানছি।
বিদেশ মন্ত্রক জানিয়েছে, বৈঠকে উভয় পক্ষ খোলামেলা আলোচনা করে এবং প্রকৃত নিয়ন্ত্রণরেখা (এলএসি)-সংলগ্ন এলাকার বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করে। সীমান্ত অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা দুই দেশের সামগ্রিক দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও উভয় পক্ষ মতপ্রকাশ করে।
দুই দেশই সম্মত হয়েছে যে, ডব্লিউএমসিসি, স্থানীয় কমান্ডার-স্তরের বৈঠক এবং অন্যান্য সম্মত কূটনৈতিক ও সামরিক ব্যবস্থার মাধ্যমে বাকি থাকা বিষয়গুলির সমাধানে আলোচনা চালিয়ে যাওয়া হবে। একই সঙ্গে এলএসি-সংলগ্ন এলাকায় ভুল বোঝাবুঝি বা পরিস্থিতির ভুল মূল্যায়ন এড়াতে এই যোগাযোগ বজায় রাখা হবে।
বিদেশ মন্ত্রকের মতে, বিশেষ প্রতিনিধি পর্যায়ের ২৪তম বৈঠকের সিদ্ধান্তের ভিত্তিতে সীমান্ত নির্ধারণ, সীমান্ত ব্যবস্থাপনা, আস্থাবৃদ্ধিমূলক ব্যবস্থা এবং সীমান্ত-পার সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার প্রসঙ্গের পাশাপাশি ভারত আবারও সীমান্তবর্তী নদী বিষয়ক বিশেষজ্ঞ পর্যায়ের পরবর্তী বৈঠক দ্রুত আয়োজনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে। সেই সঙ্গে তিব্বতের উজান অঞ্চলে চলমান বিভিন্ন প্রকল্পের প্রযুক্তিগত তথ্য ভাগ করে নেওয়ার গুরুত্বের ওপরও জোর দেয় ভারত।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য