
রাঁচি, ৭ আগস্ট (হি.স.): জেপিএসসি, জেএসএসসি-সিজিএল-সহ একাধিক প্রতিযোগিতামূলক পরীক্ষায় কথিত অনিয়মের তদন্ত এবং পরীক্ষা বাতিলের দাবিতে রাঁচির জয়পাল সিং মুন্ডা স্টেডিয়ামে ছাত্র-চাকরিপ্রার্থীদের আমরণ অনশন ও সত্যাগ্রহ শুক্রবার ১৪তম দিনেও অব্যাহত রয়েছে। আন্দোলনের মধ্যে অসুস্থ হয়ে পড়েছেন দুই অনশনকারী। তাঁদের মধ্যে এক ছাত্রকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে।
শুক্রবার অনশনরত ছাত্র রাহুল কুমারের শারীরিক অবস্থার হঠাৎ অবনতি হলে তাঁকে দ্রুত রাঁচির সদর হাসপাতালে পাঠানো হয়। পরে অনশনরত ছাত্রনেতা দেবেন্দ্রনাথ মাহাতোরও শারীরিক অবস্থার অবনতি ঘটে। তাঁর কথা বলার গতি ধীর হয়ে যাওয়ায় চিকিৎসকেরা স্বাস্থ্য পরীক্ষা করেন। চিকিৎসকের দল দুই অনশনকারীর শারীরিক অবস্থার উপর নজর রাখছে। দিনভর আন্দোলনস্থলে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত হয়ে আন্দোলনকারীদের সমর্থন জানান এবং তাঁদের দাবির প্রতি সংহতি প্রকাশ করেন।
আন্দোলনে অংশ নেওয়া ছাত্র রীতেশ সিং, সুনীতা কুজুর-সহ অন্যান্য চাকরিপ্রার্থীরা জানান, কোনও পরিস্থিতিতেই আন্দোলন প্রত্যাহার করা হবে না। তাঁদের দাবি, জেপিএসসি, জেএসএসসি-সিজিএল-সহ বিতর্কিত সব প্রতিযোগিতামূলক পরীক্ষা বাতিল করে স্বচ্ছ প্রক্রিয়ায় পুনরায় পরীক্ষা নিতে হবে।
আন্দোলনকারীরা ঘোষণা করেছেন, আগামী ১০ আগস্ট ঝাড়খণ্ডের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্র-যুবকদের নিয়ে রাঁচিতে বিধানসভা ঘেরাও কর্মসূচি পালন করা হবে।
ছাত্র রাজেশ কুমারের অভিযোগ, রাজ্য সরকার ছাত্রদের সমস্যার বিষয়ে উদাসীন। কর্মসংস্থান ও স্বচ্ছ নিয়োগের প্রতিশ্রুতি দিয়েও সরকার এখন যুব সমাজের দাবি উপেক্ষা করছে। তাই নিজেদের অধিকার আদায়ে আন্দোলন আরও জোরদার করতে বাধ্য হচ্ছেন ছাত্ররা।
শুক্রবার আন্দোলনস্থলে বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য