
নয়াদিল্লি, ৭ আগস্ট (হি.স.): জাতীয় তাঁত দিবস উপলক্ষে দেশের সমস্ত তাঁতি ও কারিগরদের শুক্রবার শুভেচ্ছা জানিয়েছেন উপরাষ্ট্রপতি সি.পি. রাধাকৃষ্ণন, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ একাধিক বিশিষ্ট নেতা।
উপরাষ্ট্রপতি এক্স-এ লিখেছেন, ভারতের তাঁতের ঐতিহ্য আমাদের জীবন্ত সাংস্কৃতিক উত্তরাধিকার। প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা দক্ষতা, শিল্পনৈপুণ্য ও অধ্যবসায়ের মধ্য দিয়ে এই ঐতিহ্য আজও অটুট রয়েছে। তিনি বলেন, এই দিনে সেই সব তাঁতি ও কারিগরদের প্রতি শ্রদ্ধা জানানো উচিত, যাঁদের নিষ্ঠা শুধু এই ঐতিহ্যকে বাঁচিয়ে রাখেনি, বরং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করেছে এবং টেকসই কর্মসংস্থানের পথও তৈরি করেছে। হাতে বোনা প্রতিটি বস্ত্র ভারতের সংস্কৃতির সমৃদ্ধি ও আত্মনির্ভরতার প্রতীক বলেও উল্লেখ করেন তিনি। পাশাপাশি ‘ভোকাল ফর লোকাল’ ও ‘আত্মনির্ভর ভারত’-এর ভাবনাকে আরও শক্তিশালী করতে দেশীয় হস্ততাঁতের পণ্য ব্যবহার এবং স্থানীয় কারিগরদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বলেন, জাতীয় হস্ততাঁত দিবস দেশের তাঁতিদের পরিশ্রম, দক্ষতা এবং শতাব্দীপ্রাচীন ঐতিহ্যের প্রতি সম্মান জানানোর দিন। তাঁর কথায়, কোটা ডোরিয়ার মতো অসাধারণ হস্ততাঁতের পণ্য ভারতের সাংস্কৃতিক ঐশ্বর্য ও আত্মনির্ভর ভারতের শক্তিশালী প্রতীক। তিনি দেশবাসীকে হস্ততাঁতের পণ্য ব্যবহারের পাশাপাশি স্থানীয় তাঁতিদের সমর্থন জানিয়ে দেশের সাংস্কৃতিক ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, ভারতের তাঁত শিল্প স্বাধীনতা আন্দোলনের সঙ্গে গভীরভাবে জড়িত এবং দেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য ও বৈচিত্র্যের অন্যতম প্রতীক। তিনি জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁত শিল্পকে নতুন উচ্চতায় পৌঁছে দিতে জাতীয় তাঁত দিবসের সূচনা করেছেন। পাশাপাশি বৈশ্বিক বাণিজ্য চুক্তি ও বিভিন্ন সরকারি সহায়তার মাধ্যমে তাঁতিদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করে এই শিল্পকে আরও এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, আজকের দিনে দেশের সমস্ত তাঁতিকে সম্মান জানানো এবং ভারতের প্রাচীন বয়নশিল্পের ঐতিহ্যকে সংরক্ষণ করা আমাদের কর্তব্য। তিনি ‘ভোকাল ফর লোকাল’-এর অঙ্গীকার পুনর্ব্যক্ত করে দেশীয় হস্ততাঁতের পণ্য ব্যবহারের আহ্বান জানান।
কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও জাতীয় সড়কমন্ত্রী নিতিন গড়করি বলেন, তাঁতের প্রতিটি বুননে ভারতের আত্মা লুকিয়ে রয়েছে। দক্ষতা, ঐতিহ্য এবং প্রজন্মের পর প্রজন্মব্যাপী নিষ্ঠায় তৈরি এই শিল্প দেশের সাংস্কৃতিক পরিচয়কে সমৃদ্ধ করেছে এবং অসংখ্য মানুষের জীবিকার ভিত্তি হয়ে উঠেছে।
কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং বলেন, তাঁত কেবল পোশাক তৈরির মাধ্যম নয়, এটি ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য, অনন্য শিল্পকলা এবং লক্ষ লক্ষ তাঁতি পরিবারের জীবিকার অন্যতম প্রধান ভিত্তি। তাঁর মতে, প্রতিটি তাঁতের পণ্য দেশের তাঁতিদের দক্ষতা, নিষ্ঠা এবং আত্মনির্ভর ভারতের অঙ্গীকারের প্রতীক। জাতীয় তাঁত দিবস সেই ঐতিহ্যের প্রতি গর্ব প্রকাশ, তাঁতিদের অবদানের স্বীকৃতি এবং ভারতীয় তাঁত শিল্পকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকারকে শক্তিশালী করার একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য