
নয়াদিল্লি, ৭ আগস্ট (হি.স.): লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস নেতা রাহুল গান্ধী শনিবার উত্তর প্রদেশের প্রয়াগরাজ সফরে যাবেন| সেখানে তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য রাখবেন। শুক্রবার তিনি এ বিষয়ে জানিয়েছেন।
এদিন তিনি বলেন, আমি আগামীকাল প্রয়াগরাজ যাব। সেখানকার কেপি গ্রাউন্ডে কর্মসংস্থানের বিষয়ে এবং শিক্ষার্থীদের ওপর তথাকথিত লাঠিচার্জের বিষয়ে মানুষের সঙ্গে কথা বলব। এটি এমন এক শহর, যেখানে সবচেয়ে বেশি শিক্ষার্থী প্রস্তুতি নেন।
তিনি স্পষ্ট করে বলেন, ঘাটতি শিক্ষার্থীদের নয়, বরং ব্যবস্থার (সিস্টেমের) মধ্যেই নিহিত রয়েছে— যা আপনাদের (শিক্ষার্থীদের) প্রচেষ্টার কাঙ্ক্ষিত ফল দেয় না। প্রশ্নপত্র ফাঁস, আটকে থাকা নিয়োগপ্রক্রিয়া, বছরের পর বছর অপেক্ষা আর কারওর কোনও দায়বদ্ধতা না থাকা। কোটায় শিক্ষার্থীরা আওয়াজ তুলেছে, দেহরাদূনেও প্রতিবাদ ধ্বনিত হয়েছে এবং দিল্লিতে এই তরুণদের ওপরই লাঠি চালানো হয়েছে। অবশেষে এক মন্ত্রীকে পদত্যাগ করতে হয়েছে। এই সরকার তখনই নতিস্বীকার করে, যখন যৌথভাবে প্রতিবাদ গড়ে ওঠে।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ