
নয়াদিল্লি, ৭ আগস্ট (হি.স.): উপরাষ্ট্রপতি সি. পি. রাধাকৃষ্ণন শনিবার ও রবিবার দু'দিনের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ সফরে যাবেন। এই সফরকালে তিনি শ্রী বিজয়পুরমে অবস্থিত সেলুলার জেল রাষ্ট্রীয় স্মারকে স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন এবং 'হর ঘর তিরঙ্গা' অভিযান-সহ বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।
উপরাষ্ট্রপতির সচিবালয় সূত্রে জানা গেছে, উপরাষ্ট্রপতি শনিবার শ্রী বিজয়পুরমের সেলুলার জেল রাষ্ট্রীয় স্মারকে পৌঁছবেন| সেখানে তিনি শহিদ বেদীতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করবেন| এছাড়াও তিনি স্বাতন্ত্র্য জ্যোতিতে সম্মান প্রদর্শন করবেন এবং বীর সাভারকারের সেল পরিদর্শন করবেন। এরপর তিনি ভারতের স্বাধীনতা সংগ্রাম এবং মহান স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগের ওপর ভিত্তি করে চিত্রিত 'লাইট অ্যান্ড সাউন্ড শো'-ও দেখবেন।
সফরের দ্বিতীয় দিন রবিবার উপরাষ্ট্রপতি শ্রী বিজয়পুরমের ফ্ল্যাগ পয়েন্টে জাতীয় পতাকা উত্তোলন করে 'হর ঘর তিরঙ্গা' অভিযানে অংশ নেবেন। এরপর তিনি ড. বি. আর. আম্বেদকর ইনস্টিটিউট অফ টেকনোলজি (ডিবিআরএআইটি)-র অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠান 'তিরঙ্গা কনসার্ট অন বন্দে মাতরম'-এ যোগ দেবেন। উপরাষ্ট্রপতি ঐতিহাসিক নেতাজি সুভাষচন্দ্র বসুর নামাঙ্কিত দ্বীপও পরিদর্শন করবেন।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ