
ধার, ৯ আগস্ট (হি.স.): মধ্যপ্রদেশের ধার জেলার বদনাওয়ার-উজ্জ্বয়িনী ফোরলেনের উপর রবিবার দুপুরে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল গুজরাটের ছয় যুবকের। উজ্জ্বয়িনীতে মহাকালের দর্শন সেরে মারুতি ইকো ভ্যানে গুজরাটে ফিরছিলেন তাঁরা। পথে উল্টো দিক থেকে আসা একটি নিয়ন্ত্রণহীন ট্রলার তাঁদের গাড়িতে সজোরে ধাক্কা মারলে দুর্ঘটনাটি ঘটে। মৃত ছয় যুবকের মধ্যে এখনও পর্যন্ত চারজনের পরিচয় জানা গিয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গুজরাটের কয়েকজন যুবক মারুতি ইকো ভ্যানে করে উজ্জ্বয়িনীতে ভগবান মহাকালের দর্শনে এসেছিলেন। রবিবার দুপুরে সেখান থেকে ফেরার পথে প্রায় ১টা নাগাদ পঞ্চকবাসা গ্রামের কাছে উজ্জ্বয়িনী ফোরলেনে উল্টো দিক থেকে আসা একটি নিয়ন্ত্রণহীন ট্রলার তাঁদের ভ্যানে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের অভিঘাত এতটাই তীব্র ছিল যে ভ্যানটির কার্যত দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বদনাওয়ার থানার ভারপ্রাপ্ত আধিকারিক অমিত সিং কুশওয়াহ এবং তহশিলদার সুরেশ নাগর। স্থানীয় বাসিন্দাদের সাহায্যে ভ্যানের ভিতরে আটকে থাকা দেহগুলি উদ্ধার করা হয়।
বদনাওয়ার থানার ভারপ্রাপ্ত আধিকারিক কুশওয়াহ জানান, দুর্ঘটনায় ভ্যানে থাকা ছয় যুবকের ঘটনাস্থলেই মৃত্যু হয়। আরও এক যুবক গুরুতর আহত হয়েছেন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার অভিঘাত এতটাই ভয়াবহ ছিল যে দুটি দেহ উদ্ধার করতে গ্রাইন্ডার মেশিন দিয়ে ভ্যানের অংশ কেটে ফেলতে হয়। সকলেই মহাকালের দর্শন সেরে উজ্জ্বয়িনী থেকে ভদোদরায় ফিরছিলেন।
দুর্ঘটনার পর কিছুক্ষণের জন্য ফোরলেনের যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করে। প্রথমে মৃতদের পরিচয় জানা যায়নি। দেহগুলি বদনাওয়ার সিভিল হাসপাতালের মর্গে রাখা হয়। সেখানে ময়নাতদন্তের ব্যবস্থা করা হয়েছে।
ধারের অতিরিক্ত পুলিশ সুপার বিজয় দাবর জানিয়েছেন, দুর্ঘটনায় মৃত ছয়জনই পরস্পরের বন্ধু ছিলেন। তাঁদের মধ্যে চারজনের পরিচয় মিলেছে। তাঁরা হলেন গোধরার বাসিন্দা প্রকাশ ভাইয়ের ছেলে নিতেশ ভাই, গোধরারই বাসিন্দা প্রকাশ ভাইয়ের ছেলে ময়ূর কুমার চৌহান, পঞ্চমহলের বাসিন্দা রমেশ ভাই পারমারের ছেলে বিশাল কুমার এবং গোধরার বাসিন্দা ভূপত ভাইয়ের ছেলে রাকেশ। বাকি দুই মৃত যুবকের পরিচয় এখনও জানা যায়নি।
স্থানীয় বাসিন্দাদের দাবি, ট্রলারটি বদনাওয়ার-উজ্জ্বয়িনী ফোরলেনের উপর ভুল দিক দিয়ে উজ্জ্বয়িনীর দিকে যাচ্ছিল। ট্রলারে লোহার সামগ্রী বোঝাই ছিল। অন্যদিকে মারুতি ইকো স্পোর্টস ভ্যানটি উজ্জ্বয়িনী থেকে গুজরাটের দিকে যাচ্ছিল। সেই সময়ই দু’টি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর ট্রলারের চালক পালিয়ে যায়। পথচারীরা পুলিশকে খবর দেন। প্রায় ১০ মিনিটের মধ্যে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়। গাড়ির জানলার কাচ ভেঙে ভিতর থেকে মৃতদের বের করে আনা হয়।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখেন ধার জেলার কালেক্টর রাজীব রঞ্জন মীণা এবং পুলিশ সুপার সচিন শর্মা। কালেক্টর জানান, দুর্ঘটনার পর ট্রলারের চালক পালিয়ে গিয়েছিল। পরে বড়নগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক অমিত সিং কুশওয়াহ, তহশিলদার সুরেশ নগর এবং এসডিএম প্রিয়াঙ্কা মিমরোদ পুলিশ দলকে সঙ্গে নিয়ে চালকের খোঁজে অভিযান চালান এবং তাঁকে ধরে ফেলেন। বর্তমানে ট্রলার চালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ মৃতদের পরিবারের সদস্যদের দুর্ঘটনার খবর দিয়েছে।
দুর্ঘটনায় মুখ্যমন্ত্রীর শোকপ্রকাশ
ধার জেলার বদনাওয়ারের কাছে পঞ্চকবাসা গ্রামে ভয়াবহ পথ দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ড. মোহন যাদব। সোশ্যাল মিডিয়া ‘এক্স’-এ প্রকাশিত শোকবার্তায় তিনি বলেন, দুর্ঘটনায় যাত্রীদের হতাহত হওয়ার খবর অত্যন্ত দুঃখজনক। শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন তিনি।
মুখ্যমন্ত্রী বলেন, দুঃখের এই সময়ে রাজ্য সরকার তাঁদের পাশে রয়েছে। প্রয়াতদের নিজের শ্রীচরণে স্থান দেওয়ার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারকে এই কঠিন সময় সহ্য করার শক্তি দেওয়ার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনাও করেন তিনি।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য