
পুদুচেরি, ৯ আগস্ট (হি.স.): সময়ে বিচার নিশ্চিত করাই তিনটি নতুন ফৌজদারি আইনের লক্ষ্য, জোর দিয়ে বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, ঔপনিবেশিক আমলের আইনের পরিবর্তে মোদী সরকার যে তিনটি নতুন ফৌজদারি আইন প্রবর্তন করেছে, তা মূলত তিনটি গুরুত্বপূর্ণ স্তম্ভের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে—প্রযুক্তি, সময়সীমা এবং আস্থা। অমিত শাহ বলেন, এই নতুন ফৌজদারি আইনগুলির লক্ষ্য হলো এমন একটি ব্যবস্থার মাধ্যমে নাগরিকদের ন্যায়বিচার নিশ্চিত করা, যা অধিকতর প্রযুক্তি-নির্ভর ও সময়-নির্দিষ্ট।
রবিবার পুদুচেরির গোরিমেডুর পুলিশ ট্রেনিং স্কুল মাঠে পুদুচেরি পুলিশকে ‘প্রেসিডেন্টস পুলিশ কালার’ (রাষ্ট্রপতির পুলিশ সম্মাননা) প্রদান অনুষ্ঠানে অংশ নেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। পুদুচেরি পুলিশকে অভিনন্দন জানিয়ে অমিত শাহ বলেন, ‘প্রেসিডেন্টস পুলিশ কালার’ অর্জন করা যে কোনও সুশৃঙ্খল পুলিশ বাহিনীর জন্য অন্যতম গৌরবময় মুহূর্ত। তিনি উল্লেখ করেন, পুদুচেরি পুলিশের সদস্যসংখ্যা ৫ হাজারের কম হওয়া সত্ত্বেও, সমৃদ্ধ আধ্যাত্মিক ঐতিহ্যের অধিকারী এই কেন্দ্রশাসিত অঞ্চলের সুরক্ষা, অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষা এবং এর সম্মান ও মর্যাদা সমুন্নত রাখার গুরুদায়িত্ব তাদের ওপর ন্যস্ত রয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ