
ধার, ৯ আগস্ট (হি.স.): মধ্যপ্রদেশের ধার জেলায় বদনাওয়ার-উজ্জ্বয়িনী ফোরলেন জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল গুজরাটের ছয় পুণ্যার্থীর। রবিবার দুপুরে পঞ্চকবাসা গ্রামের কাছে দুর্ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, মারুতি ইকো ভ্যানে চেপে উজ্জ্বয়িনীতে মহাকালের দর্শন সেরে গুজরাটে ফিরছিলেন তাঁরা। সেই সময় উল্টো দিক থেকে আসা নিয়ন্ত্রণহীন একটি ট্রলার সজোরে ভ্যানটিকে ধাক্কা মারলে দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গুজরাটের বদোদরা থেকে কয়েকজন পুণ্যার্থী ইকো ভ্যানে করে উজ্জ্বয়িনীতে বাবা মহাকালের দর্শনে এসেছিলেন। রবিবার দুপুরে প্রায় ১টা নাগাদ উজ্জ্বয়িনী ফোরলেনে পঞ্চকবাসা গ্রামের কাছে ফেরার পথে বিপরীত দিক থেকে আসা একটি নিয়ন্ত্রণহীন ট্রলার তাঁদের ভ্যানটিকে সামনে থেকে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষ এতটাই ভয়াবহ ছিল যে ভ্যানটির কার্যত খোলস উড়ে যায়।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বদনাওয়ার থানার ভারপ্রাপ্ত আধিকারিক অমিত সিং কুশওয়াহ এবং তহশিলদার সুরেশ নাগর। স্থানীয় বাসিন্দাদের সাহায্যে ভ্যানের ভিতরে আটকে থাকা দেহগুলি বের করা হয়।
বদনাওয়ার থানার ভারপ্রাপ্ত আধিকারিক কুশওয়াহ জানান, ভ্যানে থাকা ছয় যুবকের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। আরও এক যুবক গুরুতর আহত হয়েছেন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার তীব্রতা এতটাই বেশি ছিল যে ভ্যান কেটে দু’টি দেহ বের করতে গ্রাইন্ডার মেশিন ব্যবহার করতে হয়। মৃত ও আহতরা সকলেই উজ্জ্বয়িনী থেকে মহাকালের দর্শন সেরে বদোদরার দিকে ফিরছিলেন।
দুর্ঘটনার পর বদনাওয়ার-উজ্জ্বয়িনী ফোরলেনে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করে। এখনও পর্যন্ত মৃতদের পরিচয় জানা যায়নি। দেহগুলির পঞ্চনামা তৈরির পর বদনাওয়ার সিভিল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। সেখানেই মৃতদেহগুলির ময়নাতদন্ত করা হবে।
স্থানীয় বাসিন্দাদের দাবি, ট্রলারটি বদনাওয়ার-উজ্জ্বয়িনী ফোরলেনে ভুল দিক দিয়ে উজ্জয়িনীর দিকে যাচ্ছিল। ট্রলারে লোহার সামগ্রী বোঝাই ছিল। অন্যদিকে, মারুতি ইকো স্পোর্টস ভ্যানটি উজ্জ্বয়িনী থেকে গুজরাটের দিকে যাচ্ছিল। সেই সময় দু’টি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর ট্রলারের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পথচারীরাই পুলিশকে খবর দেন। প্রায় ১০ মিনিটের মধ্যে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়ির জানালার কাচ ভেঙে ভিতরে আটকে থাকা দেহগুলি উদ্ধার করে।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখেন ধার জেলার কালেক্টর রাজীব রঞ্জন মীনা, পুলিশ সুপার সচিন শর্মা এবং অতিরিক্ত পুলিশ সুপার পারুল বেলাপুরকর। কালেক্টর মীনা জানান, দুর্ঘটনার পর ট্রলারের চালক পালিয়ে গিয়েছে। মৃতদের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। দেহগুলির পঞ্চনামা তৈরির পর বদনাওয়ার সিভিল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য