
নয়াদিল্লি, ৯ আগস্ট (হি.স.): দিল্লির বিজেপি সরকারের বিরুদ্ধে কেলেঙ্কারির ছক তৈরির অভিযোগ তুললেন আম আদমি পার্টির (আপ) নেতা তথা দিল্লির প্রাক্তন মন্ত্রী সৌরভ ভরদ্বাজ। রবিবার তাঁর দাবি, গরিবদের জন্য সস্তায় চাল কিনে তা বাজারে বিক্রি করে মুনাফা করার পরিকল্পনা করেছিল সরকার।
সৌরভ ভরদ্বাজ এক্স-এ একটি ভিডিও পোস্ট করে অভিযোগ করেন, দিল্লি সরকার এবং অসমের একটি সংস্থা যৌথভাবে ফুড কর্পোরেশন অব ইন্ডিয়া (এফসিআই)-র কাছ থেকে ভর্তুকিযুক্ত চাল সংগ্রহ করে তা বেসরকারি সংস্থার হাতে বিক্রি করার একটি পরিকল্পনা তৈরি করেছিল।
ভরদ্বাজের দাবি, এই পরিকল্পনার আওতায় দিল্লির গরিব মানুষের মধ্যে চাল বিতরণের কথা বলে প্রতি সপ্তাহে এফসিআই-এর কাছে ৩১ হাজার মেট্রিক টন ভর্তুকিযুক্ত চাল চাওয়া হয়েছিল। অভিযোগ, বিপুল পরিমাণ সেই চাল দিল্লির কোনও দরিদ্র মানুষের কাছে পৌঁছনোর বদলে সরাসরি হরিয়ানার একটি বেসরকারি সংস্থার কাছে বিপুল মুনাফায় বিক্রি করার পরিকল্পনা ছিল।
পরিসংখ্যানের উল্লেখ করে ভরদ্বাজ দাবি করেন, এই কারচুপির মাধ্যমে প্রতি সপ্তাহে প্রায় ১৪৩ কোটি টাকার কেলেঙ্কারির নকশা তৈরি করা হয়েছিল। তাঁর অভিযোগ, এই ব্যবস্থা টানা তিন বছর চললে মোট প্রায় ২২ হাজার কোটি টাকার একটি বৃহৎ প্রাতিষ্ঠানিক কেলেঙ্কারিতে পরিণত হতে পারত।
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য