
কলকাতা, ১ সেপ্টেম্বর (হি স)। সিপিএম নেতা শতরূপ ঘোষের বিরুদ্ধে মানহানির মামলা করলেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (এবিভিপি) যাদবপুর বিশ্ববিদ্যালয় শাখার প্রধান নিখিল দাস।
এ কথা জানিয়ে নিখিলবাবু মঙ্গলবার সামাজিক মাধ্যমে লিখেছেন, টিভি চ্যানেলে বসে আমার নামে ইচ্ছাকৃত মিথ্যাচার করার জন্য। আমার সামাজিক সন্মান নষ্ট করার জন্য এই ব্যবস্থা। বাকিদের নামেও হবে। মিথ্যা বক্তব্য ও অপপ্রচার করে সম্পূর্ণ বাম-নকশাল গোষ্ঠী আমাদের থামাতে পারবে না।
সংশ্লিষ্ট নথি যুক্ত করে তিনি লিখেছেন, ১৯শে আগস্ট যারা আমাকে মারধর করেছে এবং আমি SC সম্প্রদায়ের ছাত্র হওয়ায় আমার বিরুদ্ধে জাতিগত মন্তব্য করেছে, তাদের বিরুদ্ধে ও এসসি/এসটি কমিশনে অভিযোগ করা হয়েছে।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী ছাত্ররা বিশ্ববিদ্যালয়ের গৌরব ফিরিয়ে আনার জন্য কাজ করবে এবং শ্রী ঋষি অরবিন্দের স্বপ্ন পূরণ করবে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত