
কলকাতা, ১ সেপ্টেম্বর (হি. স.): কলকাতার পরিবহণ ব্যবস্থার আধুনিকীকরণে আন্তর্জাতিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হতে চলেছে। মঙ্গলবার রাজ্যের পরিবহণ দফতর কলকাতায় নিযুক্ত অস্ট্রেলিয়ার কনসাল জেনারেল বার্নার্ড লিঞ্চের সাথে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। এদিনের আলোচনায় বিশেষ গুরুত্ব পেয়েছে কলকাতার ঐতিহ্যবাহী ট্রাম পরিষেবার পুনরুজ্জীবন ও আধুনিকীকরণ।বৈঠকে কলকাতা তথা রাজ্যের সামগ্রিক পরিবহণ পরিকাঠামোকে আরও আধুনিক, দক্ষ ও জনবান্ধব করে তোলার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পরিবহণ দপ্তর সূত্রে জানা গিয়েছে, এই ক্ষেত্রে অস্ট্রেলিয়ার একাধিক সংস্থা বিশেষ আগ্রহ প্রকাশ করেছে। রাজ্য সরকারের তরফ থেকে তাদের এই আগ্রহকে স্বাগত জানানো হয়েছে।এদিনের আলোচনা চলাকালীন অস্ট্রেলিয়ার সংশ্লিষ্ট সংস্থাগুলিকে রাজ্যের পরিবহণ সংক্রান্ত বিভিন্ন টেন্ডার প্রক্রিয়ায় অংশ নেওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়। পাশাপাশি, পরিবহণ পরিকাঠামোয় আধুনিক প্রযুক্তির প্রয়োগ এবং আন্তর্জাতিক অভিজ্ঞতার সুফল কাজে লাগানোর ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে।উক্ত বৈঠকে অস্ট্রেলিয়ার কনসাল জেনারেলের সাথে উপস্থিত ছিলেন সিনিয়র ইকোনমিক রিসার্চ অ্যান্ড ভিজিটস অফিসার অনঘা, কর্পোরেট সার্ভিসেস ম্যানেজার রাজীব ঘোষ এবং সিনিয়র রিসার্চ অ্যান্ড ভিজিটস অফিসার অ্যাঞ্জেলিনা নায়ার।উল্লেখ্য, আন্তর্জাতিক সহযোগিতা, আধুনিক প্রযুক্তি ও সুপরিকল্পিত উদ্যোগের সমন্বয়ে কলকাতার পরিবহণ ব্যবস্থাকে ভবিষ্যতের উপযোগী করে তোলাই এই পদক্ষেপের মূল উদ্দেশ্য।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত