
শিমলা, ১ সেপ্টেম্বর (হি. স.): অবসরপ্রাপ্ত কর্মীদের দীর্ঘদিনের বকেয়া আর্থিক সুবিধা নিয়ে হিমাচল প্রদেশের কংগ্রেস সরকারকে নিশানা করলেন রাজ্য বিজেপি সভাপতি রাজীব বিন্দল। তাঁর অভিযোগ, ৩০-৪০ বছর রাজ্যের সেবা করার পরও প্রবীণ অবসরপ্রাপ্ত কর্মীদের নিজেদের প্রাপ্য আদায়ের জন্য রাস্তায় নামতে হচ্ছে।
মঙ্গলবার শিমলায় বিন্দল বলেন, ৭০, ৭৫, ৮০ এমনকি ৯০ বছর বয়সি অবসরপ্রাপ্ত কর্মীদেরও পেনশন-সহ বিভিন্ন আর্থিক সুবিধার দাবিতে ধর্না ও বিক্ষোভ করতে হচ্ছে। তাঁর দাবি, ধর্মশালায় প্রায় ৮ হাজার অবসরপ্রাপ্ত কর্মী বিধানসভা ঘেরাও করেছিলেন। বিভিন্ন জেলাতেও আন্দোলন হয়েছে। এখন হাজার হাজার অবসরপ্রাপ্ত কর্মী শিমলায় এসে বিধানসভার বাইরে বিক্ষোভ করছেন। লাহুল-স্পিতি, কিন্নর, চাম্বা ও কাংড়ার মতো দূরবর্তী এলাকা থেকেও প্রবীণরা শিমলায় এসেছেন বলে জানান তিনি।
বিন্দলের অভিযোগ, সমস্যা সমাধানের পরিবর্তে সরকার শুধু বিবৃতি দিচ্ছে। তাঁর দাবি, পেনশনারি সুবিধা, ১৫ শতাংশ বকেয়া, মহার্ঘ ভাতা (ডিএ), গ্র্যাচুইটি, লিভ এনক্যাশমেন্ট, কমিউটেশন এবং বেতন বাবদ বকেয়া-সহ একাধিক আর্থিক সুবিধা এখনও মেটানো হয়নি। চিকিৎসা সংক্রান্ত বিলের টাকা ফেরত পাওয়াতেও অবসরপ্রাপ্তদের সমস্যায় পড়তে হচ্ছে বলে তাঁর অভিযোগ।
বিজেপি সভাপতির দাবি, রাজ্যে প্রায় ১.৮৫ লক্ষ অবসরপ্রাপ্ত কর্মী রয়েছেন। দীর্ঘদিনের পরিষেবার পর তাঁদের প্রাপ্য আর্থিক সুবিধা সময়মতো মেটানো সরকারের দায়িত্ব। অবসরপ্রাপ্ত কর্মীরা সরকারের কাছে কোনও অনুগ্রহ চাইছেন না, নিজেদের অধিকারই দাবি করছেন বলে মন্তব্য করেন তিনি।
বিন্দল জানান, অবসরপ্রাপ্ত কর্মীদের আন্দোলনের পাশে রয়েছে বিজেপি। রাজ্যে বিজেপি সরকার গঠিত হলে তাঁদের প্রাপ্য অধিকার নিশ্চিত করার জন্য কাজ করা হবে বলেও তিনি আশ্বাস দেন।
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য