
নয়াদিল্লি, ১ সেপ্টেম্বর (হি.স.): কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী ভূপেন্দ্র যাদব মঙ্গলবার বলেছেন, জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্য হ্রাস, দূষণ এবং প্রাকৃতিক সম্পদের নিঃশেষ হয়ে যাওয়ার মতো পরিবেশগত চ্যালেঞ্জগুলির মোকাবিলায় সমন্বিত ও যৌথ সমাধানের প্রয়োজন। চতুর্থ ভারত-জার্মান পরিবেশ ফোরাম-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, ‘আরও বেশি সহনশীলতার লক্ষ্যে একত্রে’ শীর্ষক ভাবনাটি জলবায়ু-সহনশীল, সম্পদ-সাশ্রয়ী এবং সুস্থায়ী উন্নয়নের পথ তৈরির ক্ষেত্রে আরও জোরালো সহযোগিতার প্রয়োজনীয়তাকে তুলে ধরে। নতুন দিল্লিতে আয়োজিত এই অনুষ্ঠানে তিনি জার্মানির পরিবেশ, জলবায়ু সুরক্ষা, প্রকৃতি সংরক্ষণ ও পারমাণবিক নিরাপত্তা বিষয়ক মন্ত্রী কার্স্টেন স্নাইডারের সঙ্গে যৌথভাবে পৌরহিত্য করেন।
ফোরামে বক্তব্য রাখার সময় ভূপেন্দ্র যাদব উল্লেখ করেন, পরিবেশগত স্থায়িত্বের বিষয়টি আর বিচ্ছিন্নভাবে বিবেচনা করা সম্ভব নয়; তিনি জলবায়ু-সহনশীল ভবিষ্যৎ গড়ে তোলার ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। মন্ত্রী ভূপেন্দ্র বলেন, ভারতের উন্নয়নের অভিজ্ঞতা প্রমাণ করেছে, পরিবেশগত লক্ষ্য এবং অর্থনৈতিক উন্নয়ন—এ দুটি বিষয় একে অপরের পরিপন্থী হওয়ার প্রয়োজন নেই। তিনি আরও জানান, ভারত নিজস্ব ‘জাতীয়ভাবে নির্ধারিত অবদান’-এর আওতায় গৃহীত প্রতিশ্রুতিগুলি নির্ধারিত সময়ের আগেই ধারাবাহিকভাবে পূরণ করে চলেছে, যা দেশে পরিবেশগত রূপান্তরের ব্যাপকতাকেই প্রতিফলিত করে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ