
দেহরাদূন, ১ সেপ্টেম্বর (হি.স.) : উত্তরাখণ্ডের দেহরাদূনের প্রেমনগর থানা এলাকায় প্রবল বৃষ্টির জলের স্রোতে গাড়ি ভেসে গিয়ে মৃত্যু হল এক যুবক ও এক তরুণীর। দুর্ঘটনায় আরও এক তরুণী আহত হন। তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
মঙ্গলবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার গভীর রাতে লোয়ার কান্ডোলি-পৌন্ধা রোডের কান্ডোলি সেতুর কাছে প্রবল বৃষ্টির জলের স্রোতে একটি গাড়ি ভেসে যায়। খবর পেয়ে এসডিআরএফের একটি দল ঘটনাস্থলে পৌঁছয়। প্রতিকূল আবহাওয়ার মধ্যেই শুরু হয় তল্লাশি ও উদ্ধার অভিযান।
তল্লাশি চালানোর সময় ঘটনাস্থল থেকে প্রায় দু’কিলোমিটার দূরে আহত তরুণীকে উদ্ধার করা হয়। এসডিআরএফ তাঁকে নিরাপদে উদ্ধার করে পুলিশের হাতে তুলে দেয়। এরপর তল্লাশি চালিয়ে রাজস্থানের জয়পুরের বাসিন্দা অক্ষয় (২০) এবং এক তরুণীর মৃতদেহ উদ্ধার করা হয়।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস