
চেন্নাই, ১ সেপ্টেম্বর (হি.স.): তামিলনাড়ুর জন্য বিদেশি বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে আগামী ১০ সেপ্টেম্বর ছ’দিনের ব্রিটেন সফরে যাবেন মুখ্যমন্ত্রী বিজয়। মুখ্যমন্ত্রীর দফতরের আধিকারিকরা তাঁর সফরের বিষয়টি নিশ্চিত করেছেন।
মঙ্গলবার বিধানসভা অধিবেশন শেষ হওয়ার পর মুখ্যমন্ত্রী জোসেফ বিজয়ের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল ১০ থেকে ১৬ সেপ্টেম্বর ব্রিটেন সফর করবে। সেখানে শিল্পপতি ও বিনিয়োগকারীদের সঙ্গে বৈঠক করে তামিলনাড়ুতে বিনিয়োগের জন্য তাঁদের আমন্ত্রণ জানাবেন মুখ্যমন্ত্রী।
এর আগে বিদেশি সংস্থার বিনিয়োগ আকর্ষণের উদ্যোগের অংশ হিসেবে আগামী ৪ সেপ্টেম্বর তাইওয়ান যাবেন শিল্পমন্ত্রী কীর্তন। সেমিকন্ডাক্টর, কৃত্রিম বুদ্ধিমত্তা, চিপ-সহ বিভিন্ন ক্ষেত্রে কাজ করা একাধিক দেশের সংস্থার অংশগ্রহণে চলতি সপ্তাহে তাইওয়ানে সেমিকন সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সম্মেলনে অংশ নেওয়া সংস্থাগুলির বিনিয়োগ তামিলনাড়ুতে টানার লক্ষ্যে মন্ত্রী কীর্তনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল তাইওয়ান যাবে। সেখানে বিনিয়োগকারীদের সঙ্গে বৈঠক ও আলোচনা করবেন প্রতিনিধিদলের সদস্যরা।
তামিলগা ভেত্রি কাজগমের তরফে জানানো হয়েছে, ২০৩৬ সালের মধ্যে তামিলনাড়ুকে ১.৫ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্য নেওয়া হয়েছে। সেই লক্ষ্য পূরণে দেশীয় ও বিদেশি বিনিয়োগকারীদের আকর্ষণ করতে বিভিন্ন পদক্ষেপ করছে তামিলনাড়ু সরকার।
এই উদ্যোগের অংশ হিসেবে তামিলগা ভেত্রি কাজগম সরকার ক্ষমতায় আসার প্রথম ১০০ দিনের মধ্যে ১০৪টি সংস্থার সঙ্গে সমঝোতাপত্র (এমওইউ) স্বাক্ষর করেছে। এর মাধ্যমে ১,০২,৫১৪ কোটি টাকার বিনিয়োগ আসার কথা এবং ১,২১,৭৮৮টি কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে জানানো হয়েছে।
শিল্প বিনিয়োগ আকর্ষণের ক্ষেত্রে তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশের মধ্যে প্রতিযোগিতা রয়েছে। এই পরিস্থিতিতে বিনিয়োগ টানার উদ্যোগ আরও জোরদার করেছে তামিলনাড়ু সরকার।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য