
টনকপুর, ১ সেপ্টেম্বর (হি.স.) : উত্তরাখণ্ডের টনকপুরে অভিযান চালিয়ে তিন ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। তাঁদের কাছ থেকে ২৪৪.০৬ গ্রাম মাদক (এমডিএমএ) উদ্ধার করা হয়েছে। পুলিশের দাবি, আন্তর্জাতিক বাজারে উদ্ধার হওয়া এই মাদকদ্রব্যের আনুমানিক মূল্য প্রায় ২৫ লক্ষ টাকা। চলতি ২০২৬ সালে উত্তরাখণ্ডে এমডিএমএ উদ্ধারের ক্ষেত্রে এটি এখনও পর্যন্ত সবচেয়ে বড় সাফল্য বলে জানিয়েছে পুলিশ।
এসটিএফের অ্যান্টি নারকোটিক্স টাস্ক ফোর্স (এএনটিএফ)-এর কুমায়ুন ইউনিট এবং টনকপুর কোতওয়ালি পুলিশের যৌথ অভিযানে এই সাফল্য আসে। মঙ্গলবার পুলিশ জানায়, অভিযুক্তদের গতিবিধি সম্পর্কে গোপন সূত্রে তথ্য সংগ্রহের পর অভিযান চালানো হয়। গ্রেফতার হওয়া তিনজনের পরিচয় ইমরান, আশিস ও অভিষেক হিসেবে জানা গিয়েছে। তিনজনই উত্তরাখণ্ডের উধম সিং নগর জেলার রুদ্রপুরের বাসিন্দা। তাঁদের কাছ থেকে মাদক (এমডিএমএর) পাশাপাশি একটি মোটরসাইকেলও উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে মাদক পাচারচক্রের উৎস, এর সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তি ও সম্ভাব্য ক্রেতাদের সম্পর্কে তথ্য সংগ্রহের চেষ্টা চলছে। মুখ্যমন্ত্রীর ‘ড্রাগস ফ্রি দেবভূমি’ অভিযানের আওতায় উত্তরাখণ্ডে মাদক পাচারের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবেই এই অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস