
লেহ, ১ সেপ্টেম্বর (হি.স.): লাদাখের পর্যটন দফতরের উদ্যোগে প্রথমবার শুরু হল ‘লাদাখ বাইক উইক’। মঙ্গলবার এই অনুষ্ঠানের সূচনা করেন কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের উপ-রাজ্যপাল বিনয় কুমার সাক্সেনা। মোটরসাইকেলিং এবং উচ্চ পার্বত্য অ্যাডভেঞ্চার পর্যটনের গন্তব্য হিসেবে লাদাখের পরিচিতিকে আরও তুলে ধরাই এই আয়োজনের লক্ষ্য।
উদ্বোধনী অনুষ্ঠানে উপ-রাজ্যপাল বলেন, লাদাখের দুর্গম পাহাড়, এবড়োখেবড়ো রাস্তা এবং বিশ্বের অন্যতম উচ্চ মোটরযোগ্য গিরিপথ দেশ-বিদেশের মোটরসাইকেলপ্রেমীদের কাছে এই অঞ্চলকে আকর্ষণীয় করে তুলেছে। ‘বাইক উইক’-এর লক্ষ্য শুধু বাইকারদের যাতায়াতের পথ হিসেবে লাদাখকে তুলে ধরা নয়, বরং অ্যাডভেঞ্চার, অনুসন্ধান এবং অভিজ্ঞতাভিত্তিক ভ্রমণের জন্য একটি গন্তব্য হিসেবে প্রতিষ্ঠা করা।
উৎসবের অন্যতম আকর্ষণ ‘লাদাখ মোটরসাইকেল র্যালি’। ১ থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত এই র্যালি অনুষ্ঠিত হচ্ছে। সারা দেশ থেকে ১১ জন পেশাদার রাইডার ‘গালওয়ান মোটরসাইকেল র্যালি’-তে অংশ নেবেন। তাঁরা পূর্ব লাদাখের কৌশলগত ও ভৌগোলিক ভাবে গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকা পেরিয়ে যাবেন। অ্যাডভেঞ্চারের পাশাপাশি জাতীয় ঐক্য ও লাদাখকে নতুন করে আবিষ্কারের বার্তাও তুলে ধরবে এই র্যালি।
৪ থেকে ৬ সেপ্টেম্বর লেহর চুচোটে অনুষ্ঠিত হবে ‘হিমালয়ান বেসক্যাম্প’। সেখানে বিভিন্ন অ্যাডভেঞ্চার কার্যকলাপ, ডেমো, কর্মশালা, প্রদর্শনী এবং স্থানীয় সম্প্রদায়ের সঙ্গে সংযোগ স্থাপনের নানা কর্মসূচি থাকবে।
উপ-রাজ্যপাল আশা প্রকাশ করেন, প্রতিদিন প্রায় ৫,৫০০ মানুষ এই অনুষ্ঠানে অংশ নেবেন। এছাড়া ১ থেকে ৭ সেপ্টেম্বর লেহ মার্কেটে আয়োজিত ‘ভিনটেজ মোটরসাইকেল শোকেস’-এ ১৫টি বাছাই করা ক্লাসিক ও ভিনটেজ মোটরসাইকেল প্রদর্শিত হবে। মোটরসাইকেলিংয়ের ইতিহাসের বিভিন্ন সময়ের ঐতিহ্য তুলে ধরবে এই প্রদর্শনী।
‘লাদাখ বাইক উইক ২০২৬’ লাদাখ প্রশাসনের নির্বাচিত আটটি বিশেষ কেন্দ্রশাসিত অঞ্চল-স্তরের পর্যটন উৎসবের অন্যতম। পর্যটনকেন্দ্র হিসেবে লাদাখের পরিচিতি বাড়ানো, পর্যটকদের আরও বেশি করে যুক্ত করা এবং গোটা অঞ্চলের পর্যটনকে বৈচিত্র্যময় করাই এই উৎসবগুলির অন্যতম লক্ষ্য।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য