৩৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি, ১৯ শহরে বাফার স্টকের সরবরাহ বাড়াল কেন্দ্র
নয়াদিল্লি, ১ সেপ্টেম্বর (হি.স.): পেঁয়াজের বাড়তি দাম নিয়ন্ত্রণে বাজারে বাফার স্টক থেকে পেঁয়াজ ছাড়ার পরিমাণ বাড়াল কেন্দ্রীয় সরকার। নাসিক থেকে ‘কাঁদা এক্সপ্রেস’ এবং সড়কপথে পেঁয়াজ এনে দেশের ১৯টি প্রধান শহরে প্রতি কেজি ৩৫ টাকা দরে খুচরো বিক্রি করা হ
৩৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি, ১৯ শহরে বাফার স্টকের সরবরাহ বাড়াল কেন্দ্র


নয়াদিল্লি, ১ সেপ্টেম্বর (হি.স.): পেঁয়াজের বাড়তি দাম নিয়ন্ত্রণে বাজারে বাফার স্টক থেকে পেঁয়াজ ছাড়ার পরিমাণ বাড়াল কেন্দ্রীয় সরকার। নাসিক থেকে ‘কাঁদা এক্সপ্রেস’ এবং সড়কপথে পেঁয়াজ এনে দেশের ১৯টি প্রধান শহরে প্রতি কেজি ৩৫ টাকা দরে খুচরো বিক্রি করা হচ্ছে।

উপভোক্তা বিষয়ক, খাদ্য ও গণবণ্টন মন্ত্রকের মঙ্গলবারের বিবৃতি অনুযায়ী, উৎসবের মরসুমের আগে বাজারে পেঁয়াজের জোগান বাড়াতে ধাপে ধাপে বাফার স্টক থেকে পেঁয়াজ সরবরাহ করা হচ্ছে। ৩০টিরও বেশি ট্রাকে করে পেঁয়াজ পাঠানো হচ্ছে বিভিন্ন শহরে।

মূল্য স্থিতিশীলতা তহবিলের আওতায় মজুত পেঁয়াজ ২৪ আগস্ট থেকে ন্যাশনাল এগ্রিকালচারাল কো-অপারেটিভ মার্কেটিং ফেডারেশন (নাফেড) এবং ন্যাশনাল কো-অপারেটিভ কনজিউমার্স ফেডারেশন (এনসিসিএফ)-এর মাধ্যমে বাজারে ছাড়া শুরু হয়েছে। নাসিক থেকে কাঁদা এক্সপ্রেসের দু’টি চালানও পাঠানো হয়েছে। ৪৫০ মেট্রিক টন পেঁয়াজের প্রথম চালান ২৭ আগস্ট রাতে নয়াদিল্লিতে পৌঁছয়। এর মধ্যে ১৪০ মেট্রিক টন বারাণসী, লখনউ, চণ্ডীগড় ও অমৃতসরে পাঠানো হয় এবং বাকিটা দিল্লি-এনসিআর এলাকায় সরবরাহ করা হয়। ৮৪০ মেট্রিক টন পেঁয়াজ নিয়ে দ্বিতীয় ট্রেনটি ৩১ আগস্ট চেন্নাই পৌঁছেছে।

এছাড়া প্রায় ১ হাজার মেট্রিক টন পেঁয়াজ সড়কপথে বিভিন্ন বড় বাজারে পাঠানো হচ্ছে। নয়াদিল্লি, জয়পুর, জম্মু, দেহরাদূন, শিমলা, অমৃতসর, চণ্ডীগড়, কলকাতা, গুয়াহাটি, লখনউ, বারাণসী, পটনা, ভোজপুর, বিহার শরিফ, ভুবনেশ্বর, চেন্নাই, মাদুরাই, ত্রিশূর ও কোচিতে খুচরো বিক্রি বাড়ানো হয়েছে।

নাফেড, এনসিসিএফ, কেন্দ্রীয় ভাণ্ডারের আউটলেট এবং মোবাইল ভ্যানের মাধ্যমে প্রতি কেজি ৩৫ টাকা দরে পেঁয়াজ বিক্রি করা হচ্ছে। এখনও পর্যন্ত প্রায় ৬৬৯ মেট্রিক টন পেঁয়াজ বিক্রি হয়েছে। এর মধ্যে ২২৩ মেট্রিক টন পাইকারি চ্যানেলে ই-ন্যাম এবং অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে এবং ৪৪৬ মেট্রিক টন খুচরো কেন্দ্রে বিক্রি হয়েছে।

মন্ত্রকের দাবি, নয়াদিল্লি, বারাণসী ও অমৃতসর-সহ কয়েকটি বাজারে বাফার স্টকের পেঁয়াজ পৌঁছনোর পর জোগান বেড়েছে এবং দামে কিছুটা পতন দেখা গিয়েছে। সরবরাহ আরও বাড়লে দামে স্থিতিশীলতা আসবে বলে আশা করছে কেন্দ্র।

এদিকে প্রায় ৩,৪০০ জন পেঁয়াজচাষিকে সরাসরি ২১০ কোটি টাকা দেওয়া হয়েছে বলে জানিয়েছে মন্ত্রক। একই সঙ্গে পেঁয়াজের পর্যাপ্ত ও সাশ্রয়ী জোগান নিশ্চিত করার পাশাপাশি কৃষকদের সময়মতো অর্থপ্রদানের বিষয়েও জোর দেওয়া হচ্ছে।

তামিলনাড়ু সরকার গণবণ্টন ব্যবস্থার মাধ্যমে প্রয়োজন অনুযায়ী প্রতি রেশন কার্ডে এক কেজি করে পেঁয়াজ দেওয়ার পরিকল্পনা করেছে। মন্ত্রকের বক্তব্য, রেল ও সড়ক—দুই মাধ্যমকে কাজে লাগিয়ে বাফার স্টকের পেঁয়াজ বড় ভোগকেন্দ্রগুলিতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande