
প্রয়াগরাজ, ১ সেপ্টেম্বর (হি.স.) : উত্তর প্রদেশের প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে গঙ্গা ও যমুনার জলস্তর ক্রমশ বাড়ছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় নদীগুলির জলস্তর প্রায় ২০ সেন্টিমিটার পর্যন্ত বেড়েছে।
জেলা প্রশাসনের মঙ্গলবার সকাল ৮টার রিপোর্ট অনুযায়ী, নৈনিতে যমুনার জলস্তর ৮২.৩৯ মিটার। গত ২৪ ঘণ্টায় সেখানে ১৯ সেন্টিমিটার জলস্তর বেড়েছে। অন্যদিকে, ফাফামাউয়ে গঙ্গার জলস্তর পৌঁছেছে ৮২.৮৮ মিটারে। সেখানে গত ২৪ ঘণ্টায় ২০ সেন্টিমিটার বৃদ্ধি নথিভুক্ত হয়েছে। জেলা প্রশাসন জানিয়েছে, আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং জেলার সমস্ত বাঁধ সুরক্ষিত রয়েছে। নদীর জলস্তর এবং বাঁধগুলির উপর নিয়মিত নজরদারি চালানো হচ্ছে। ছতনাগে গঙ্গার জলস্তর ৮১.৯৭ মিটার রেকর্ড করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় সেখানে ১৯ সেন্টিমিটার জলস্তর বেড়েছে। একইভাবে, বকশি বাঁধ এলাকার এসটিপিতে জলস্তর ৮২.৪৯ মিটার রয়েছে। সেখানে গত ২৪ ঘণ্টায় ২৩ সেন্টিমিটার বৃদ্ধি হয়েছে। নৈনিতে যমুনার জলস্তর বিপদসীমা ৮৪.৭৩৪ মিটারের চেয়ে এখনও প্রায় ২.৩৪ মিটার নিচে রয়েছে। একইভাবে, ফাফামাউ এবং ছতনাগেও গঙ্গার জলস্তর বিপদসীমার নিচেই রয়েছে।
জলস্তর ক্রমাগত বাড়তে থাকায় সংশ্লিষ্ট দফতরগুলিকে সতর্ক রাখা হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। বন্যা পরিস্থিতির উপরও লাগাতার নজর রাখা হচ্ছে। জেলার সমস্ত বাঁধ নিরাপদ থাকায় আপাতত উদ্বেগের কোনও কারণ নেই বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। নদী এবং নিচু এলাকায় অপ্রয়োজনীয়ভাবে না যাওয়ার পাশাপাশি প্রশাসনের জারি করা নির্দেশিকা মেনে চলার জন্য সাধারণ মানুষের কাছে আবেদন জানানো হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস