
আরামবাগ , ১সেপ্টেম্বর (হি.স.): মঙ্গলবার সকাল থেকে টানা বৃষ্টির জেরে বিপর্যস্ত গোটা আরামবাগ। শহরের একাধিক ওয়ার্ড জলমগ্ন হয়ে পড়েছে। শহরের রাস্তায় কার্যত একহাঁটু জল। কোথাও রাস্তা ছাপিয়ে জল উঠেছে দোকানে আবার কোথাও জল ঢুকেছে গৃহস্থের বাড়িতে। নিকাশি ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে বলে অভিযোগ।
অন্যদিকে আরামবাগ মহকুমা আদালত চত্বরও পুরোপুরি জলের তলায়। বিস্তীর্ণ অংশে হাঁটুসমান জল জমে গেছে। বেশকিছু রাস্তায় হাঁটু সমান জমা জল পেরিয়ে চলছে যাতায়াত। বছরের পর বছর এই চিত্র উঠে এলেও ছবিটা যে বদলায়নি তা এই ছবি দেখেই বোঝা যাচ্ছে। আরামবাগ শহরের সাধারণ মানুষ এই অভিযোগ ও সমস্যা গত কয়েকবছর ধরেই জানিয়েছেন। তৃণমূল আমলে বারবার অভিযোগ জানানোর পরেও কোনও সুরাহা হয়নি। সরকার পরিবর্তনের পর তৃণমূলের বোর্ড ভেঙে প্রশাসক বসানো হয়েছে। প্রায় দুমাস ধরে প্রশাসকের তত্ত্বাবধানে পুরসভা চলছে। কিন্তু নিকাশি সমস্যা একই রকম রয়ে গেছে। একটু বেশি বৃষ্টি হলেই রাস্তায় জল জমে যাচ্ছে। বিশেষ করে ৪, ৫, ৬, ১৩, ১৪ ও ১৯ নম্বর ওয়ার্ডের অবস্থা খারাপ। দুপুরের পরেও বৃষ্টি অব্যাহত রয়েছে। এভাবে আরও কয়েক ঘণ্টা বৃষ্টি চললে শহরের অবস্থা আরও শোচনীয় হবে। সকাল থেকেই আদালতের মূল প্রবেশদ্বার থেকে শুরু করে আইনজীবীদের চেম্বার, মুহুরিখানা ও এজলাসে যাওয়ার রাস্তা জলমগ্ন।
বাধ্য হয়ে জুতো হাতে, প্যান্ট গুটিয়ে জল ঠেলে আদালতে ঢুকতে হচ্ছে সকলকে। সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন দূর-দূরান্ত থেকে আসা বয়স্ক ও মহিলা বিচারপ্রার্থীরা।
স্থানীয়দের অভিযোগ, সামান্য বৃষ্টি হলেই আদালত চত্বরে জল জমে যায়। নিকাশি ব্যবস্থা সম্পূর্ণ বেহাল। দীর্ঘদিন ধরে নালা সংস্কার হয়নি। দ্রুত জল নিকাশি এবং স্থায়ী নিকাশি ব্যবস্থা গড়ে তোলার দাবি জানিয়েছেন আরামবাগ বারের আইনজীবীরা।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA