
আরামবাগ , ০১ সেপ্টেম্বর (হি.স.): টানা বৃষ্টির জেরে ভেঙে পড়ল দোতলা মাটির বাড়ির একাংশ। সোমবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে গোঘাটের কামচে গ্রামে। দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন বাড়ির সদস্যরা। ঘটনাকে ঘিরে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।
জানা গিয়েছে, সোমবার রাতে অষ্টম সাঁতরা পরিবারের সদস্যদের নিয়ে বাড়িতে ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে প্রবল বৃষ্টির জেরে আচমকাই বাড়িটি একদিকে বসে যায়। এরপর বাড়ির একতলার একটি মাটির দেওয়াল বিকট শব্দে ভেঙে পড়ে। আচমকা এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন পরিবারের সদস্যরা। বাড়িতে থাকা বেশ কিছু জিনিসপত্রও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যায়।
বাড়ির অবস্থা বিপজ্জনক হয়ে পড়ায় রাতেই কার্যত অসহায় অবস্থায় বাড়ি ছাড়তে বাধ্য হন পরিবারের সদস্যরা। পরে পাশের কালী মন্দিরে গিয়ে আশ্রয় নেন তাঁরা।
অষ্টম সাঁতরা জানান, টানা বৃষ্টির কারণে বাড়িটি একদিকে বসে যাওয়ার পরেই দেওয়ালটি ভেঙে পড়ে। বর্তমানে তাঁদের আবাস যোজনার বাড়ি তৈরির কাজ চলছে।
অন্যদিকে, অষ্টম সাঁতরার স্ত্রী লক্ষ্মী সাঁতরা জানান, দেওয়াল ভেঙে পড়ায় ঘরের সমস্ত জিনিসপত্র চাপা পড়ে গিয়েছে। অল্পের জন্য তাঁর শাশুড়ি প্রাণে রক্ষা পেয়েছেন।
টানা বৃষ্টিতে মাটির বাড়ি ভেঙে পড়ার ঘটনায় পরিবারটির মাথার উপর থেকে কার্যত আশ্রয়ের ছাদ সরে গিয়েছে। দ্রুত প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সাহায্য ও নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করা হোক—এমনই দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA