ট্রেনে ব্যাগ বদল, পিস্তল ও ১৪ রাউন্ড গুলি উদ্ধার করে মালিকের হাতে ফেরত দিল শেওড়াফুলি জিআরপি
​আরামবাগ, ১০ সেপ্টেম্বর (হি.স.): ট্রেনে ভুলবশত ব্যাগ বদল। আর সেই ব্যাগ খুলতেই বেরিয়ে এল আগ্নেয়াস্ত্র, দুটি ম্যাগাজিন ও ১৪ রাউন্ড তাজা গুলি। ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়ায় হুগলি জেলায়। তবে শেওড়াফুলি জিআরপি থানার দ্রুত তৎপরতায় আগ্নেয়াস্
তুলে দেয়া হলো আগ্নেয়ত্ব


​আরামবাগ, ১০ সেপ্টেম্বর (হি.স.): ট্রেনে ভুলবশত ব্যাগ বদল। আর সেই ব্যাগ খুলতেই বেরিয়ে এল আগ্নেয়াস্ত্র, দুটি ম্যাগাজিন ও ১৪ রাউন্ড তাজা গুলি। ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়ায় হুগলি জেলায়। তবে শেওড়াফুলি জিআরপি থানার দ্রুত তৎপরতায় আগ্নেয়াস্ত্রসহ সমস্ত সামগ্রী অক্ষত অবস্থায় উদ্ধার করে তার প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়া হয়েছে।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার শেওড়াফুলি জিআরপি থানায় একটি পিঠের ব্যাগ হারিয়ে যাওয়ার অভিযোগ দায়ের হয়। অভিযোগকারী কমল ঘোষ (৪৫) হুগলি জেলার পোলবার বাসিন্দা এবং একজন প্রাক্তন সিআরপিএফ জওয়ান। বর্তমানে তিনি ব্যক্তিগত নিরাপত্তারক্ষী হিসেবে কর্মরত। বর্ধমান-হাওড়া গ্যালপিং লোকাল ট্রেনে চন্দননগর থেকে শ্রীরামপুর যাওয়ার পথে তাঁর একটি নীল রঙের ব্যাগ ভুলবশত হারিয়ে যায়। ওই ব্যাগের ভেতরেই ছিল কমলবাবুর লাইসেন্সপ্রাপ্ত একটি পিস্তল, ১৪ রাউন্ড তাজা গুলি, দুটি ম্যাগাজিন এবং আগ্নেয়াস্ত্রের বৈধ কাগজপত্র।

​ঘটনার গুরুত্ব বিবেচনা করে তৎক্ষণাৎ তদন্তে নামে শেওড়াফুলি জিআরপি থানার পুলিশ। বিভিন্ন স্টেশনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পাশাপাশি পাণ্ডুয়া থানার বৈঁচী ফাঁড়ির পুলিশের সঙ্গে সমন্বয় রেখে তল্লাশি শুরু হয়। তদন্তের সূত্র ধরে পুলিশ বৈঁচীর তেলকোপা গ্রামে পৌঁছে ব্যাগটির সন্ধান পায় এবং সমস্ত সামগ্রী উদ্ধার করে।

​তদন্তে সামনে এসেছে যে, সিঙ্গুরের একটি অলঙ্কার দোকানের কর্মী শেখ রাজুও ওই একই ট্রেনের যাত্রী ছিলেন। শেওড়াফুলি স্টেশনে নামার সময় অসাবধানতাবশত ট্রেনের রেক থেকে কমলবাবুর ব্যাগটি তুলে নেন তিনি। তাঁর নিজের ব্যাগের রঙ ও গড়ন হুবহু এক হওয়ায় তিনি প্রথমে ভুলটি বুঝতে পারেননি।

​স্টেশনে নেমে ব্যাগটি খুলতেই তার ভেতরে পিস্তল ও গুলি দেখে আতঙ্কিত হয়ে পড়েন শেখ রাজু। কিছুক্ষণ কিংকর্তব্যবিমূঢ় হয়ে স্টেশনে বসে থাকার পর তিনি ট্রেন ধরে বৈঁচীতে নিজের বাড়িতে ফেরেন এবং পরিবারকে বিষয়টি জানান। এরপরই বৈঁচী পুলিশ ফাঁড়িতে যোগাযোগ করা হয়। ইতিমধ্যে জিআরপি আধিকারিকরাও সেখানে পৌঁছে যান।

​আগ্নেয়াস্ত্র ও লাইসেন্সের সমস্ত নথি সঠিকভাবে যাচাই ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর বৃহস্পতিবার উদ্ধার হওয়া পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৪ রাউন্ড গুলিসহ পুরো ব্যাগটি কমল ঘোষের হাতে তুলে দেয় শেওড়াফুলি জিআরপি। ভুলবশত ব্যাগ বদল হলেও আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল, জিআরপির দ্রুত পদক্ষেপে তা প্রশমিত হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande