
কলকাতা, ১০ সেপ্টেম্বর (হি.স.): এসে গেল এশিয়ান গেমস। জাপানের আইচি -নাগোয়াতে ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এশিয়ান গেমস। গেমসে ভারতীয় অ্যাথলিদের প্রতি রয়েছে অনেক আশা ভরসা। সদ্য শেষ হওয়া গ্লাসগো কমনওয়েলথ গেমসে ভারতের উৎসাহ ব্যঞ্জক ফলাফলের পর এশিয়ান গেমসকে ঘিরে ভারত স্বপ্ন দেখছে। আর ভারতকে এই স্বপ্ন দেখাচ্ছেন বর্তমান প্রজন্মের ক্রীড়াবিদরা। তবে কমনওয়েলথ গেমসে সেই অর্থে অ্যাথলেটিক্সে তেমন বড় সাফল্য নেই ভারতের।
যাকে ঘিরে স্বপ্ন দেখেছিল দেশবাসী সেই নীরজ চোপড়া এবার এশিয়ান গেমসে যাচ্ছেন না, ইনজিওর থাকার জন্য। গত দুটি এশিয়ান গেমসেই নীরজ সোনা পেয়েছিলেন। ২০১৮ জাকার্তা এশিয়ান গেমসে ৮৮.৬ মিটার ছুঁড়ে সোনা জিতে ছিলেন তিনি। আর ২০২২ এ হাঙঝৌ এশিয়ান গেমসে ৮৮.৮৮ মিটার ছুঁড়ে তিনি সোনা পেয়েছিলেন । এবার তার সামনে ছিল হ্যাটট্রিকের হাতছানি। তবে তাকে এবার কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলতে তৈরি ছিলেন শ্রীলংকার রমেশ পাথি রাজ। তবে নীরজ চোপড়া এশিয়াডে না গেলেও এবার জ্যাভলিন থ্রো-তে নজর থাকবে রোহিত যাদবের উপর।
কমনওয়েলথ গেমসে দুর্দান্ত নৈপূণ্য দেখিয়েছেন দূরপাল্লার পুরুষ দৌড়বিদ গুলবির সিং। দশ হাজার মিটারে রুপো এবং পাঁচ হাজার মিটারে ব্রোঞ্জ পেয়েছিলেন তিনি। একই কমনওয়েলথ গেমসে দুটি পদক জেতা প্রথম ভারতীয় ক্রীড়াবিদ গুলবীর। এবার এশিয়ান গেমসে তার সাফল্যের ওপর ভারত আশা রাখছে। উল্লেখ্য, ২০২২ হাঙঝৌ এশিয়ান গেমসে রুপো পেয়েছিলেন গুলবীর।
পুরুষদের লং জাম্পে নজর থাকবে মুরুলি শ্রীশঙ্করের দিকে। হাঙঝৌ এশিয়ান গেমসে ৮.১৯ মিটার লাফিয়ে রুপো পেয়েছিলেন তিনি। সামান্য মিটার এগিয়ে চীনের ওয়াং জিয়ানান, ৮.২২ মিটার লাফিয়ে সোনা পেয়েছিলেন। গ্লাসগো কমনওয়েলথ গেমসেও রূপো ছিল শ্রী শংকরের। তিনি লাফিয়ে ছিলেন ৮.০৯ মিটার। এছাড়া এবার এশিয়ান গেমসে থাকছেন কুড়ি বছর বয়সী উঠতি প্রতিভা শাহনেওয়াজ খান। সদ্য সমাপ্ত অনূর্ধ্ব কুড়ি বিশ্ব চ্যাম্পিয়নশিপে ৭.৮৪ মিটার লাফিয়ে তিনি ব্রোঞ্জের পদক জিতে ছিলেন।
তেজস্বিনী শঙ্কর
ডেকাথলনে কমনয়েলথ গেমসে ব্রোঞ্জ পেয়ে প্রথম ভারতীয় ক্রীড়াবিদ হিসাবে নজির গড়েছিলেন। কিন্তু এশিয়ান গেমসের মতো আসরে তার সামনে কঠিন প্রতিদ্বন্দ্বিতা থাকবে। তাছাড়া তেজস্বিনীর ফিটনেস নিয়েও উদ্যোগ রয়েছে।
এদিকে গ্লাসগোতে পুরুষদের হাই জাম্পে রুপো পেয়েছিলেন সর্বেশ কুশার। তবে কমনওয়েলথ গেমসের তুলনায় এশিয়ান গেমস আরো কঠিন পরীক্ষা হতে যাচ্ছে তার কাছে।
আর পুরুষদের ২০০ মিটারে ট্রাকে নামবেন অনিমেষ কুজুর। ৪০০ মিটারে বিশাল টিকে, মনু টিএস, ৮০০ মিটারে মোহাম্মদ আফসল, কৃষাণ কুমার, ১১০ মিটার হার্ডেলসে তেজাস শীর্ষে, হাই জাম্পে আদর্শ রাম। মহিলাদের হাইজ্যাম্পে পূজা ও সুপ্রিয়া বি, লংজাম্পে আনসি সোজান, শৈলী সিং, শটপটে মনপ্রীত কাউর, কৃষ্ণা জয় শঙ্করের মতো অ্যাথলিটদের দিকে নজর থাকবে এবারের এশিয়ান গেমসে।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি