
বেলুড়, হাওড়া, ১০ সেপ্টেম্বর (হি.স.): ছাত্রীদের হোয়াটসঅ্যাপে কুরুচিকর বার্তা পাঠানো-সহ একাধিক অভিযোগ উঠল বেলুড় হাই স্কুলের ভিজ্যুয়াল আর্টসের এক শিক্ষকের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে স্কুল কর্তৃপক্ষের কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন জেলা স্কুল পরিদর্শক বিমল কুমার গায়েন।
অভিযোগ, দীর্ঘদিন ধরেই ওই শিক্ষক কয়েকজন ছাত্রীকে বিভিন্ন ধরনের কুরুচিকর বার্তা পাঠাতেন। ছাত্রীদের দাবি, তাঁদের ঘুরতে যাওয়ার প্রস্তাব দেওয়া হত এবং মডেল হওয়ার জন্য ছবি পাঠাতেও বলা হত। পাশাপাশি হোয়াটসঅ্যাপে আপত্তিকর বার্তা পাঠানোর অভিযোগও উঠেছে। এর আগে স্কুল কর্তৃপক্ষের তরফে ওই শিক্ষককে সতর্ক করা হলেও তাতে কোনও পরিবর্তন হয়নি বলে অভিযোগ।
বিষয়টি নিয়ে ক্ষুব্ধ ছাত্রছাত্রীরা প্রথমে মৌখিকভাবে স্কুল কর্তৃপক্ষকে জানায়। বৃহস্পতিবার তাঁরা প্রধান শিক্ষকের কাছে লিখিত অভিযোগ জমা দেন। অভিযোগ পাওয়ার পর সংশ্লিষ্ট শিক্ষককে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে বলে জানান প্রধান শিক্ষক। পাশাপাশি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানানো হচ্ছে।
অভিযোগকারী ছাত্রীদের দাবি, ওই শিক্ষকের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হোক। এদিকে অভিযুক্ত শিক্ষকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
জেলা স্কুল পরিদর্শক বিমল কুমার গায়েন জানান, বিষয়টি জানার পর স্কুল কর্তৃপক্ষের কাছে রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ করা হবে বলে জানা গিয়েছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়