
রায়পুর, ১০ সেপ্টেম্বর (হি.স.) : ছত্তিশগড়ে সক্তি জেলার জেঠা গ্রামে শুক্রবার আয়োজিত হতে চলেছে গ্রামীণ উন্নয়ন কর্মসূচি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় গ্রামীণ উন্নয়ন ও কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান। উপস্থিত থাকবেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাই-সহ রাজ্য সরকারের মন্ত্রী, সাংসদ, বিধায়ক এবং পঞ্চায়েত প্রতিনিধিরা।বৃহস্পতিবার জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আবাস যোজনা-গ্রামীণের আওতায় ২ লক্ষ পরিবারকে পাকা বাড়ির সুবিধা দেওয়া হবে। একইসঙ্গে নতুন বাড়িতে তাঁদের গৃহপ্রবেশও করানো হবে। এই প্রকল্পের আওতায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-ভিত্তিক জিও-ট্যাগ যাচাই ব্যবস্থারও সূচনা হবে।এছাড়াও নদী ও জলধারাগুলির পুনরুজ্জীবনের লক্ষ্যে ‘ধার অপার অভিযান’ শুরু করা হবে। গ্রামীণ জীবিকা আরও শক্তিশালী করতে ২৭০টি নতুন সমন্বিত কৃষি ক্লাস্টার চালু করা হবে। অনুষ্ঠানে লখপতি দিদি, ড্রোন দিদি এবং রানি মিস্ত্রিদের সম্মানিত করা হবে। পাশাপাশি, উল্লেখযোগ্য কাজের জন্য পাঁচটি পঞ্চায়েতের প্রতিনিধিদেরও সম্মান জানানো হবে।অনুষ্ঠান থেকেই ১২২ কোটি টাকারও বেশি ব্যয়ে ৩৯টি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন এবং ভূমিপুজো ও শিলান্যাস করা হবে।
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস