নাবালিকার সন্তান প্রসবের পরেই গ্রেফতার ২১ বছরের স্বামী, গড়বেতায় চাঞ্চল্য
গড়বেতা, ১০ সেপ্টেম্বর (হি.স.):- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বাল্যবিবাহ রোধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারির পরেই নাবালিকার সন্তান প্রসবের ঘটনায় গ্রেফতার হল তাঁর ২১ বছর বয়সি স্বামী। বৃহস্পতিবার এই ঘটনাকে কেন্দ্র করে পশ্চিম মেদিনীপুরের গড়বেতা থানার
গড়বেতা থানা


গড়বেতা, ১০ সেপ্টেম্বর (হি.স.):- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বাল্যবিবাহ রোধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারির পরেই নাবালিকার সন্তান প্রসবের ঘটনায় গ্রেফতার হল তাঁর ২১ বছর বয়সি স্বামী। বৃহস্পতিবার এই ঘটনাকে কেন্দ্র করে পশ্চিম মেদিনীপুরের গড়বেতা থানার এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে প্রসব যন্ত্রণা শুরু হওয়ায় ১৭ বছর বয়সি ওই নাবালিকাকে গড়বেতার একটি নার্সিংহোমে ভর্তি করা হয়। চিকিৎসার পর সেখানেই তিনি সন্তানের জন্ম দেন। বিষয়টি চিকিৎসকের নজরে আসার পর পুলিশকে জানানো হয়। চিকিৎসকের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে গড়বেতা থানার পুলিশ।

এরপর তদন্তে নেমে সন্ধিপুর এলাকা থেকে নাবালিকার স্বামী রাহুল মণ্ডলকে গ্রেফতার করা হয়। তাঁর বয়স ২১ বছর বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। পুলিশের প্রাথমিক তদন্তে দাবি, প্রায় এক বছর আগে রাহুলের সঙ্গে ওই নাবালিকার বিয়ে হয়েছিল। বিয়ের পরেই নাবালিকা অন্তঃসত্ত্বা হন।

সম্প্রতি বাল্যবিবাহ রোধে কড়া বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, নাবালিকা বধূর কম বয়সে সন্তান প্রসবের ঘটনা ঘটলে তাঁর স্বামী ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সেই ঘোষণার পরেই গড়বেতার এই ঘটনায় গ্রেফতারির বিষয়টি তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে বলে জানা গিয়েছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande