
নৈহাটি, ১১ সেপ্টেম্বর (হি.স.) : শুক্রবার শিশুকে ভুলিয়ে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগে এক মহিলাকে ধরে পুলিশের হাতে তুলে দিলেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাকে কেন্দ্র করে নৈহাটি পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের রায়পাড়া শিবতলা এলাকায় চাঞ্চল্য ছড়ায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে এলাকার দুই নাবালিকা দোকানে গিয়েছিল। দোকান থেকে বাড়ি ফেরার সময় এক মহিলা তাদের মধ্যে একজনের হাত ধরে সঙ্গে নিয়ে যাওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ। বিষয়টি বুঝতে পেরে ভয় পেয়ে দুই শিশু দৌড়ে বাড়িতে চলে যায়।
স্থানীয় বাসিন্দাদের দাবি, ওই মহিলা এরপরও শিশুদের পিছু নিয়ে তাদের বাড়ির কাছাকাছি চলে আসেন। বিষয়টি জানাজানি হতেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আশপাশের বাসিন্দারা সেখানে জড়ো হয়ে ওই মহিলাকে আটক করেন।
এরপর খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মহিলাকে উদ্ধার করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়। ঠিক কী কারণে ওই মহিলা শিশুদের পিছু নিয়েছিলেন এবং তাঁদের সঙ্গে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
ঘটনায় এখনও পর্যন্ত কোনও অপরাধের বিষয় নিশ্চিত হয়নি। অভিযোগের সত্যতা যাচাই করতে পুলিশ তদন্ত শুরু করেছে। শিশুদের পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলছেন তদন্তকারীরা।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়