
কলকাতা, ১১ সেপ্টেম্বর (হি. স.) : হুগলির মাহেশে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাবিত কর্মসূচি ঘিরে আইনি জটিলতা শুক্রবারও কাটল না। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ মামলাটি পুনরায় একক বেঞ্চে ফেরত পাঠিয়ে দ্রুত নিষ্পত্তির অনুরোধ জানিয়েছে।
শুক্রবার শ্রীরামপুরের মাহেশে 'কালীঘাট তৃণমূল'-এর উদ্যোগে একটি সভা ও মিছিলের আয়োজন করা হয়েছিল, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু পুলিশি অনুমতি না মেলায় বিষয়টি আদালতে গড়ায়। বৃহস্পতিবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের একক বেঞ্চ কিছু শর্তসাপেক্ষে সভার অনুমতি দিলেও, রাজ্য সরকার তা চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়।
মাহেশের ঐতিহাসিক জগন্নাথ দেবের স্নানপিঁড়ি ময়দানে এই সভার অনুমতি দেওয়া হয়েছিল। ডিভিশন বেঞ্চে শুনানি চলাকালীন রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল বিল্বদল ভট্টাচার্য জানান, ওই মাঠটি মূলত ধর্মীয় কাজের জন্য ব্যবহৃত হয় এবং কোনো রাজনৈতিক সভার জন্য পুলিশ কাউকে জমি পাইয়ে দিতে বাধ্য নয়।
মাঠের মালিকপক্ষের তরফ থেকেও আদালতে আপত্তি জানিয়ে বলা হয়, ধর্মীয় ও সাংস্কৃতিক কাজের জন্য জমি ব্যবহৃত হলেও আপাতত রাজনৈতিক কর্মসূচির জন্য তাঁরা জায়গা দিতে ইচ্ছুক নন। প্রধান বিচারপতি মন্তব্য করেন, রাজনৈতিক কর্মসূচি পালনের ক্ষেত্রে সাধারণ মানুষের যাতে ভোগান্তি না হয়, সে বিষয়ে খেয়াল রাখা প্রয়োজন এবং বিকল্প স্থানের কথা ভাবা উচিত।
শুক্রবার ডিভিশন বেঞ্চের নির্দেশে মামলাটি পুনরায় একক বেঞ্চে ফিরে যাওয়ায় মাহেশে মমতা বন্দ্যোপাধ্যায় প্রস্তাবিত সভাকে কেন্দ্র করে তৈরি হওয়া আইনি জট আপাতত বহাল রইল।
হিন্দুস্থান সমাচার / সোনালি