
কলকাতা, ১২ সেপ্টেম্বর (হি. স.) : মানব পাচার এবং বন্ধকি শ্রমের মতো গুরুতর সামাজিক সমস্যার বিরুদ্ধে ব্যাপক জনসচেতনতা গড়ে তুলতে কলকাতার মহাজাতি সদনে অনুষ্ঠিত হলো ‘স্টেট মিডিয়া কনক্লেভ অন হিউম্যান ট্র্যাফিকিং অ্যান্ড বন্ডেড লেবার’। এই বিশেষ সম্মেলনে মানব পাচারের মতো ঘটনা চিহ্নিতকরণ, প্রতিরোধ এবং আক্রান্তদের অধিকার ও সুরক্ষা সুনিশ্চিত করার ক্ষেত্রে সংবাদমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
উক্ত কনক্লেভে সুদীপ্ত রায়চৌধুরী-সহ মানব পাচার প্রতিরোধ ও সংশ্লিষ্ট ক্ষেত্রের বহু উচ্চপদস্থ আধিকারিকেরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন আইজেএম -র সভাপতি সুমিত পালিত।
সম্মেলনের আলোচনায় উঠে আসে যে, পাচারের মতো অপরাধের বিরুদ্ধে লড়াইয়ে সংবাদমাধ্যম কীভাবে আরও কার্যকর ভূমিকা নিতে পারে। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চল এবং অসুরক্ষিত জনগোষ্ঠীর মধ্যে সচেতনতা বৃদ্ধি করা, পাচারের সম্ভাব্য ঘটনা দ্রুত চিহ্নিত করা এবং আক্রান্তদের কাছে প্রয়োজনীয় সহায়তা ও সুরক্ষা পৌঁছে দেওয়ার ওপর বিশেষ জোর দেওয়া হয়।
আলোচক বক্তারা স্পষ্ট জানান, মানব পাচার রুখতে প্রশাসন, সংবাদমাধ্যম এবং সংশ্লিষ্ট সংস্থাগুলির মধ্যে পারস্পরিক সমন্বয় আরও মজবুত করা অত্যন্ত প্রয়োজন। পাচারবিরোধী এই দীর্ঘ লড়াইয়ে জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং দায়িত্বশীল সাংবাদিকতাকে অন্যতম প্রধান হাতিয়ার বলে মত ব্যক্ত করেন উপস্থিত বিশিষ্টজনেরা।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত