
কাঠমান্ডু, ১২ সেপ্টেম্বর (হি.স.): বন্যায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত নেপালের ২১৬ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন আপার ত্রিশূলী-১ জলবিদ্যুৎ প্রকল্পে টানা ১৭ দিনের চেষ্টার পর সাতজনের দেহ উদ্ধার করা হয়েছে। সুড়ঙ্গ এবং হেডওয়ার্কস এলাকায় নিখোঁজদের সন্ধানের সময় গভীর রাতে দেহগুলি উদ্ধার হয়। এই তথ্য জানিয়েছে ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্রডিউসার্স অ্যাসোসিয়েশন, নেপাল (আইপিপিএএন)।
জানা গেছে, ২৬ আগস্ট ভয়াবহ বন্যার পর থেকেই প্রকল্পে কর্মরত বহু কর্মী ও শ্রমিক নিখোঁজ রয়েছেন। শুক্রবার নেপালি সেনা এবং প্রকল্পের নির্মাণকারী সংস্থা নেপাল ওয়াটার অ্যান্ড এনার্জি ডেভেলপমেন্ট কোম্পানির সার্ভে ইঞ্জিনিয়ারদের নিয়ে গঠিত যৌথ দল অডিট-১ এলাকা পরিদর্শন করে। পরিদর্শনের সময় দেখা যায়, সুড়ঙ্গের একটি বড় অংশ পুরোপুরি ধ্বংসাবশেষে ভরে রয়েছে। ফলে ভিতরে আটকে থাকা মানুষের কাছে পৌঁছনো অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।
এদিকে মৈলুং ক্যাম্প সাইটে মিনি-এক্সক্যাভেটরের সাহায্যে খনন এবং ধ্বংসাবশেষ সরানোর কাজ শুরু হয়েছে। অন্যদিকে, অডিট-৩ এলাকায় নেপালি সেনা এবং অস্ট্রেলীয় উদ্ধারকারী দলও তল্লাশি অভিযান চালিয়েছে। প্রকল্প কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার থেকে নিখোঁজদের সন্ধান ও উদ্ধার অভিযান আরও জোরদার করা হবে।
বন্যার আগে প্রকল্প এলাকায় মোট ১,৪৩৩ জন কাজ করছিলেন। তাঁদের মধ্যে এখনও পর্যন্ত ৮৭৮ জনকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে ৫৯৫ জন এখনও নিখোঁজ। সাতটি দেহ উদ্ধারের পর নিখোঁজদের পরিবারের উদ্বেগ আরও বেড়েছে।
উদ্ধারকারী দল বর্তমানে সুড়ঙ্গ, হেডওয়ার্কস এবং ক্যাম্প সাইটের বিভিন্ন অংশে ধ্বংসাবশেষ সরিয়ে নিখোঁজদের সন্ধান চালাচ্ছে। লাগাতার ধ্বংসাবশেষ, জল এবং দুর্গম ভৌগোলিক পরিস্থিতি উদ্ধার ও তল্লাশি অভিযানের সামনে বড় চ্যালেঞ্জ হয়ে রয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য