জঙ্গলমহলের মাটি থেকে উড়ে গিয়ে সুব্রত কাপে ইতিহাস মানিকপাড়ার পড়ুয়াদের
ঝাড়্গ্রাম, ১২ সেপ্টেম্বর( হি.স.): জঙ্গলমহলের মাটি থেকে উড়ে গিয়ে সুব্রত কাপে ইতিহাস মানিকপাড়ার পড়ুয়াদের। ফাইনালে অসমের স্কুলকে ১-০ গোলে হারিয়ে অনূর্ধ্ব-১৫ বিভাগে চ্যাম্পিয়ন মাণিকপাড়া বিবেকানন্দ বিদ্যাপীঠ। শুক্রবার মধ্যরাতে ঝাড়্গ্রাম শহরে ফিরতেই খ
জঙ্গলমহলের মাটি থেকে উড়ে গিয়ে সুব্রত কাপে ইতিহাস মানিকপাড়ার পড়ুয়াদের


ঝাড়্গ্রাম, ১২ সেপ্টেম্বর( হি.স.): জঙ্গলমহলের মাটি থেকে উড়ে গিয়ে সুব্রত কাপে ইতিহাস মানিকপাড়ার পড়ুয়াদের। ফাইনালে অসমের স্কুলকে ১-০ গোলে হারিয়ে অনূর্ধ্ব-১৫ বিভাগে চ্যাম্পিয়ন মাণিকপাড়া বিবেকানন্দ বিদ্যাপীঠ। শুক্রবার মধ্যরাতে ঝাড়্গ্রাম শহরে ফিরতেই খুদে ফুটবলারদের ঘিরে উচ্ছ্বাসে ভাসল গোটা ঝাড়গ্রাম। ব্যাঙ্গালুরু থেকে কলকাতা বিমানবন্দরে পৌঁছনোর পর রাজ্য সরকারের তরফে ফুটবলারদের শুভেচ্ছা জানানো হয়। জেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ কনভয়ে তাঁদের ঝাড়গ্রামে আনা হয়। প্রথমে স্কুলে পৌঁছলে শঙ্খধ্বনিতে তাঁদের বরণ করে নেন এলাকার মানুষ। পরে মধ্যরাতে বিধায়ক লক্ষ্মীকান্ত সাউয়ের কার্যালয়ের সামনে জাতীয় পতাকা হাতে জমায়েত হন বহু মানুষ। আতশবাজিতে আলোকিত হয়ে ওঠে আকাশ। জেলা পুলিশের ব্যান্ড ও তাসার তালে শুরু হয় পদযাত্রা। পাঁচমাথার মোড়ে ফুটবলারদের সংবর্ধনা জানান জেলা শাসক আকাঙ্ক্ষা ভাস্কর, পুলিশ সুপার মানব সিংলা, মহকুমা শাসক অনিন্দিতা রায়চৌধুরী এবং বিডিও অর্ণব দাস। বিধায়ক বলেন, “এটা আনন্দের পাশাপাশি গর্বের দিন। ছাত্রদের পাশে ছিলাম, আগামী দিনেও থাকব।” জেলা শাসক ও পুলিশ সুপারও তাঁদের পাশে থাকার আশ্বাস দেন। অনুষ্ঠানে ফুটবলারদের পাশাপাশি প্রধান শিক্ষক শৈবাল মহাপাত্র ও কোচ নন্দদুলাল ভৌমিককে সংবর্ধনা দেওয়া হয়। প্রধান শিক্ষক জানান, মাঠ না থাকায় স্থানীয় ক্লাবের মাঠে অনুশীলন করেই এই সাফল্য এসেছে। ১৫ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের কথাও জানানো হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো




 

 rajesh pande