বছরের পর বছর পানীয় জলের সংকট, বালতি হাতে পথ অবরোধে গ্রামবাসী
আরামবাগ , ১২ সেপ্টেম্বর (হি.স.) : বছরের পর বছর ধরে পানীয় জলের সমস্যায় জর্জরিত গোটা গ্রাম। বারবার প্রশাসনের দ্বারস্থ হয়েও মেলেনি স্থায়ী সমাধান। শেষ পর্যন্ত ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটল রাস্তায়। পানীয় জলের দাবিতে হাতে বালতি নিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ
বছরের পর বছর পানীয় জলের সংকট, বালতি হাতে পথ অবরোধে গ্রামবাসী


আরামবাগ , ১২ সেপ্টেম্বর (হি.স.) : বছরের পর বছর ধরে পানীয় জলের সমস্যায় জর্জরিত গোটা গ্রাম। বারবার প্রশাসনের দ্বারস্থ হয়েও মেলেনি স্থায়ী সমাধান। শেষ পর্যন্ত ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটল রাস্তায়। পানীয় জলের দাবিতে হাতে বালতি নিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। শনিবার ঘটনাটি ঘটেছে আরামবাগের আরান্ডি-২ নম্বর গ্রাম পঞ্চায়েতের কাছারিতলা এলাকায়।

স্থানীয় সূত্রে জানা যায়, রাগপুর গ্রামের প্রায় ৭৫টি পরিবার দীর্ঘদিন ধরে পানীয় জলের সংকটে ভুগছেন। গরমের সময় সমস্যা আরও প্রকট আকার ধারণ করে বলে অভিযোগ। দৈনন্দিন প্রয়োজনের জল জোগাড় করতে গ্রামবাসীদের দূর-দূরান্তে ছুটতে হয়। দীর্ঘদিন ধরে সমস্যার সমাধানের দাবিতে প্রশাসনের বিভিন্ন স্তরে জানানো হলেও কার্যত কোনও স্থায়ী পদক্ষেপ হয়নি বলে অভিযোগ বাসিন্দাদের।

এদিন আর ক্ষোভ সামলাতে না পেরে রাস্তায় নেমে পড়েন গ্রামের বাসিন্দারা। হাতে বালতি নিয়ে তিলকচক-কাবলে রোডে বাঁশ ফেলে পথ অবরোধ করেন তাঁরা। রাস্তার উপর বসে চলে বিক্ষোভ। তাঁদের দাবি, প্রতিশ্রুতি নয়, দ্রুত পানীয় জলের স্থায়ী ব্যবস্থা করতে হবে।

অবরোধের জেরে ওই রাস্তায় যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় আরামবাগ থানার পুলিশ। পুলিশ আধিকারিকরা গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন এবং সমস্যাটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনার আশ্বাস দেন। পুলিশের আশ্বাসের পর অবশেষে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা।

এ বিষয়ে বিজেপির আরান্ডি-২ নম্বর অঞ্চল কনভেনার বিসন মালিক জানান, তাঁদের সরকার সবেমাত্র ক্ষমতায় এসেছে। পানীয় জলের সমস্যাটি নিয়ে ইতিমধ্যেই বিধায়কের সঙ্গে কথা বলা হয়েছে। সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে দ্রুত এই সমস্যার সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি আশ্বাস দেন।

তবে দীর্ঘদিনের এই জল-সংকট কবে মিটবে, এখন সেই প্রশ্নই গ্রামবাসীদের। তাঁদের দাবি, এবার যেন আশ্বাসে না থেমে বাস্তবেই পৌঁছয় পানীয় জলের সমাধান।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande