
তারকেশ্বর , ১২সেপ্টেম্বর (হি.স.): প্যান্ডেল, আলোকসজ্জা, ফুল, মাইক ও বিভিন্ন অনুষ্ঠান পরিষেবার সঙ্গে যুক্ত ব্যবসায়ীদের এক ছাতার তলায় এনে সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে অনুষ্ঠিত হল তারকেশ্বর ডেকোরেটার্স সমন্বয় সেবা সমিতির দ্বিতীয় বর্ষের বার্ষিক সম্মেলন। শনিবার তারকেশ্বর পৌরসভার ভগৎ সিং সভাকক্ষে এই সম্মেলনকে ঘিরে সদস্যদের মধ্যে ছিল উৎসাহ ও উদ্দীপনা।
সংগঠনের দ্বিতীয় বর্ষের বার্ষিক সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যের সাধারণ সম্পাদক নির্মল চক্রবর্তী, হুগলি জেলা কমিটির চেয়ারম্যান বিশ্বনাথ কুণ্ডু, জেলা সভাপতি বরুণ পাত্র, জেলা সম্পাদক সুমিত কুণ্ডু, বিশিষ্ট সমাজসেবী সুমিত্রা রাউত এবং তারকেশ্বর থানার মহিলা আধিকারিক ডলি মণ্ডল-সহ সংগঠনের অন্যান্য নেতৃত্ব ও সদস্যরা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারকেশ্বরের বিধায়ক সন্তু পান।
সম্মেলনে সংগঠনের আগামী দিনের কর্মপদ্ধতি, সদস্য সংখ্যা বৃদ্ধি এবং ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। তারকেশ্বর ও পার্শ্ববর্তী এলাকার প্যান্ডেল, বৈদ্যুতিন সামগ্রী, ফুল, মাইক এবং অনুষ্ঠান পরিষেবার সঙ্গে যুক্ত আরও বেশি সংখ্যক ব্যবসায়ী ও কর্মীকে সংগঠনের আওতায় আনার উপর গুরুত্ব দেওয়া হয়। এর ফলে সংগঠন আরও শক্তিশালী হওয়ার পাশাপাশি সদস্যদের বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়া সংগঠিতভাবে তুলে ধরা সম্ভব হবে বলে জানান নেতৃত্বরা।
এদিন প্রায় ১৩০ জন সদস্যের উপস্থিতিতে নতুন কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন হয়। তাঁদের মধ্য থেকে ২৩ জনকে নিয়ে গঠিত হয় নতুন প্যানেল কমিটি। নতুন কমিটির সভাপতি নির্বাচিত হন অরুণ বেরা। সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পান সৌরেন নস্কর এবং সম্পাদক নির্বাচিত হন সুশান্ত মণ্ডল।
নবনির্বাচিত প্যানেল কমিটির সদস্যরা আগামী তিন বছর সংগঠনের কার্যক্রম পরিচালনা করবেন। সদস্যদের স্বার্থরক্ষা, পরিষেবা আরও সুসংগঠিত করা এবং অনুষ্ঠান পরিষেবার সঙ্গে যুক্ত ব্যবসায়ীদের বৃহত্তর পরিসরে সংগঠনের সঙ্গে যুক্ত করাই আগামী দিনের অন্যতম লক্ষ্য বলে সম্মেলন থেকে জানানো হয়।
সম্মেলনের শেষে নবনির্বাচিত কমিটির সদস্যদের শুভেচ্ছা জানান উপস্থিত নেতৃত্বরা। বিধায়ক সন্তু পানও সংগঠনের আগামী দিনের পথচলার সাফল্য কামনা করেন।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA