
সম্বলপুর, ১৩ সেপ্টেম্বর (হি.স.): ওড়িশার সম্বলপুরে এনকাউন্টারের পর কুখ্যাত এক দুষ্কৃতীকে পাকড়াও করেছে পুলিশ। ধৃতের নাম - মহম্মদ ইরফান। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। রবিবার সকালে সোনাপালির বাসিন্দা মহম্মদ ইরফান তার দুই সহযোগীর সঙ্গে মোটরবাইকে যাওয়ার সময় সদর থানা পুলিশ তাদের আটকায়। পরিচয় নিশ্চিত হওয়ার পর পুলিশ অপর দুই অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হলেও ইরফান ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পালানোর সময় সে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়; এরপর আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি চালালে সে আহত হয়। ইরফানের বাম পায়ে গুলি লেগেছে। চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সম্বলপুরের অতিরিক্ত পুলিশ সুপার অজয় মিশ্র জানিয়েছেন, অভিযুক্ত ব্যক্তি তার দুই সহযোগীর সঙ্গে যাচ্ছিল, ঠিক তখনই স্থানীয় থানার একটি পুলিশ টহল দল তাদের পথ আটকানোর চেষ্টা করে। পুলিশ সন্দেহভাজনদের ধাওয়া করলে মহম্মদ ইরফানের দুই সহযোগী ধরা পড়ে যায়; তবে ইরফান পুলিশের ওপর গুলি চালায় এবং পরপর তিন রাউন্ড গুলি ছোড়ে। পুলিশও পাল্টা ব্যবস্থা হিসেবে নিয়ন্ত্রিত ও সীমিত পরিসরে গুলি চালায়, যার ফলে তার পায়ে গুলি লাগে। চিকিৎসার জন্য তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। মহম্মদ ইরফান একজন দাগি অপরাধী, যার বিরুদ্ধে চুরি, ডাকাতি ও এনডিপিএস-সহ বিভিন্ন অভিযোগে ২৪টি মামলা রয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ