
নয়াদিল্লি, ১৩ সেপ্টম্বর (হি.স.): নিয়মহীন পৃথিবী ট্রাফিক লাইটবিহীন রাস্তার মোড়ের মতো, এই মন্তব্য করেছেন চিনের রাষ্ট্রপতি শি জিনপিং। ১৮-তম ব্রিকস সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে রবিবার চিনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, নিয়ম-কানুনহীন একটি বিশ্ব হলো ট্রাফিক সিগন্যালবিহীন কোনও রাস্তার মোড়ের মতো, যেখানে বিশৃঙ্খলা ও অরাজকতা প্রায় অনিবার্য। ন্যায্যতা ও ন্যায়বিচার একটি সর্বজনীন আকাঙ্ক্ষা এবং আন্তর্জাতিক নিয়মকানুন প্রণয়নে সকল দেশের অংশগ্রহণ থাকা আবশ্যক। 'জোর যার মুলুক তার'—এই নীতি অচল এবং তা অনেক আগেই বর্জন করা উচিত ছিল।
জিনপিং আরও বলেন, 'গ্লোবাল সাউথ'-এর দেশগুলোর উচিত আন্তর্জাতিক অঙ্গনে আইনের শাসন বজায় রাখা; সার্বভৌম সমতা, অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং শান্তিপূর্ণ উপায়ে বিরোধ নিষ্পত্তির মতো আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নীতিগুলো রক্ষা করা; এবং দ্বিমুখী নীতি বা 'ডাবল স্ট্যান্ডার্ড' পরিহার করে সকলের ক্ষেত্রে আন্তর্জাতিক আইন ও নিয়মের সমান প্রয়োগ নিশ্চিত করা।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ