
কলকাতা, ১৩ সেপ্টেম্বর (হি. স. ) : রাজ্যের শ্রম ও পরিবহন মন্ত্রী অর্জুন সিং রবিবার নারায়ণপুর স্টেডিয়ামে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহিত করলেন। প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন তিনি। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক শীলভদ্র দত্ত, বিশিষ্ট ভারতীয় ফুটবলার রনজিৎ মুখার্জি সহ এলাকার ক্রীড়া ও রাজনৈতিক জগতের সঙ্গে যুক্ত বিশিষ্টরা। ছুটির দিনের দুপুরে জমজমাট ফাইনাল ঘিরে দর্শকদের মধ্যেও ছিল যথেষ্ট উৎসাহ ও উন্মাদনা। এদিন অনুষ্ঠানে বক্তারা জানান, পড়াশোনার পাশাপাশি খেলাধুলোর চর্চা পড়ুয়াদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে ফুটবল শুধুমাত্র বিনোদন বা প্রতিযোগিতার মাধ্যম নয়, বরং শৃঙ্খলা, দলগত সংহতি, নেতৃত্বের গুণ এবং প্রতিকূল পরিস্থিতির মোকাবিলার মানসিকতা গড়ে তুলতেও সহায়ক।
উল্লেখ্য, আগামীদিনে ক্রীড়ামন্ত্রীর সঙ্গে আলোচনা করে নারায়ণপুর স্টেডিয়ামের পরিকাঠামোগত উন্নয়নের উদ্যোগ নেওয়ার বিষয়ে জানানো হয়েছে। এর ফলে এলাকার প্রতিভাবান খেলোয়াড়েরা উন্নত প্রশিক্ষণ ও পর্যাপ্ত সুযোগ পাবেন এবং ভবিষ্যতে বড় মঞ্চে নিজেদের প্রতিভা মেলে ধরার সুযোগ তৈরি হবে আশা উদ্যোক্তাদের।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত