গ্যারেজে গাঁজার কারবার, পোলবায় লক্ষাধিক টাকার গাঁজা উদ্ধার
হুগলি , ১৩ সেপ্টেম্বর (হি.স.): গ্যারেজের আড়ালে চলছিল গাঁজার কারবার। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে গ্যারেজ থেকে বিপুল পরিমাণ গাঁজা ও নগদ ৭০ হাজার টাকা উদ্ধার করল পোলবা থানার পুলিশ। ঘটনায় গাঁজার কারবারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ
গাঁজা পাচারের ধৃত এক


হুগলি , ১৩ সেপ্টেম্বর (হি.স.): গ্যারেজের আড়ালে চলছিল গাঁজার কারবার। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে গ্যারেজ থেকে বিপুল পরিমাণ গাঁজা ও নগদ ৭০ হাজার টাকা উদ্ধার করল পোলবা থানার পুলিশ। ঘটনায় গাঁজার কারবারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি একটি বোলেরো গাড়িও আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, পোলবা থানা এলাকার সুগন্ধা গ্রাম পঞ্চায়েতের পাঁচরখি গ্রামে একটি গ্যারেজে বিপুল পরিমাণ গাঁজা মজুত করা হয়েছে বলে গোপন সূত্রে খবর পায় পুলিশ। সেই গাঁজা একটি গাড়িতে করে রাতের অন্ধকারে পাচার করার পরিকল্পনা রয়েছে বলেও জানতে পারেন তদন্তকারীরা।

এরপর পোলবা থানার ওসি শুভ ঘোষের নেতৃত্বে পুলিশের একটি দল ওই গ্যারেজে হানা দেয়। অভিযানে হাতেনাতে ধরা পড়ে বাবু পাল নামে এক ব্যক্তি। তার বাড়ি চুঁচুড়ার রবীন্দ্রনগর এলাকায় বলে পুলিশ জানিয়েছে।

গ্যারেজে তল্লাশি চালিয়ে কিলো কিলো গাঁজা এবং নগদ ৭০ হাজার টাকা উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থল থেকে একটি বোলেরো গাড়িও আটক করা হয়। ধৃত বাবু পালকে জিজ্ঞাসাবাদের জন্য পোলবা থানায় নিয়ে যায় পুলিশ।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, কয়েক বছর ধরে পাঁচরখিতে ওই গ্যারেজটি কিনে সেখানে বেআইনিভাবে গাঁজার কারবার চালানো হচ্ছিল বলে অভিযোগ। রবিবার ধৃতকে চুঁচুড়া আদালতে পেশ করা হবে।

এত বিপুল পরিমাণ গাঁজা কোথা থেকে আনা হয়েছিল এবং কোথায় পাচারের পরিকল্পনা ছিল, তা খতিয়ে দেখছে পোলবা থানার পুলিশ। এই কারবারের সঙ্গে আরও কেউ যুক্ত রয়েছে কি না, তাও তদন্ত করে দেখা হচ্ছে।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande