
কলকাতা, ১৪ সেপ্টেম্বর (হি.স.): প্রায় ১৭ জন এনসিপিআই সাংসদ বিজেপিতে যোগ দিতে পারেন— দলের সাংসদ জগদীশ বর্মা বাসুনিয়ার এই মন্তব্যকে ঘিরে রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গেলেও তা সরাসরি খারিজ করলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। জগদীশ বাসুনিয়ার বিজেপিতে যোগ দেওয়ার কোনও সম্ভাবনাই নেই বলে সাফ জানিয়ে দিলেন তিনি। একই সঙ্গে তৃণমূল ও তাঁদের রাজনৈতিক সমীকরণকে কটাক্ষ করে ‘ডিম খাওয়ার ঝুঁকি’ না নেওয়ার বার্তা দিলেন বিজেপি রাজ্য সভাপতি।
জগদীশ বাসুনিয়ার মন্তব্য প্রসঙ্গে প্রতিক্রিয়া জানাতে গিয়ে সোমবার শমীক ভট্টাচার্য বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় একজন সাংসদ হিসেবে ওঁর যা খুশি বলার অধিকার আছে। তিনি বলতেই পারেন। কিন্তু ভারতীয় জনতা পার্টি তাঁকে দলে নেবে কি নেবে না, তা নিয়ে কোনও আলোচনাই হয়নি। এর পরই চাঁচাছোলা ভাষায় তৃণমূলকে নিশানা করে শমীক বলেন, আমরা যদি এ ভাবে তৃণমূলকে দলে গ্রহণ করতে শুরু করি, তা হলে ওদের দিকে যে ডিমগুলো তাক করে ছোঁড়া হচ্ছিল, সেগুলো এখন আমাদের দিকে ধেয়ে আসবে। আমরা কারও ছোঁড়া ডিম খাওয়ার মতো ঝুঁকি নিতে যাব না। রাজনৈতিক মহলের মতে, এনসিপিআই সাংসদ দলবদলের সম্ভাবনা উস্কে দিয়ে চাপ বাড়ানোর চেষ্টা করলেও, বিজেপি নেতৃত্ব যে তৃণমূলপন্থী বা প্রাক্তন তৃণমূল নেতাদের দলে টানার ক্ষেত্রে চরম সতর্ক, শমীক ভট্টাচার্যের এই মন্তব্যে সেটাই আরও এক বার স্পষ্ট হয়ে গেল।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ